শচীন টেন্ডুলকারকে টেলিভিশনে দেখলেই লাখ লাখ মানুষের রক্ত নেচে ওঠে। মনে হয়, লোকটাকে যদি একটু কাছে পাওয়া যেত! সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে রোজ সকাল-বিকেল একটু ছুঁয়ে দেখা যেত!তা তো আর সম্ভব নয়। তবে প্রতিদিন সকাল-বিকেল টেন্ডুলকারের রক্ত ‘ছুঁয়ে’ দেখার সুযোগ পেয়ে গেছে ১০ জন মানুষ। সুযোগ করে দিয়েছে টেন্ডুলকারের দৈত্যাকৃতির আত্মজীবনী টেন্ডুলকার ওপাস-এর ‘রক্ত সংস্করণ’!হ্যাঁ, সত্যিই টেন্ডুলকারের রক্ত ব্যবহার করা হয়েছে ‘ক্রাকেন’ প্রকাশিতব্য বিশালাকার এই বইয়ে। প্রকাশনা সংস্থার প্রধান নির্বাহী কার্ল ফ্লাওয়ার নিজেই জানালেন, ‘বইয়ের সই করা পাতাটিতে টেন্ডুলকারের রক্ত মেশানো থাকবে। রক্তটা কাগজের মণ্ডের সঙ্গেই মেশানো থাকবে। ফলে দেখতে একটু লালচে মনে হবে।’সইয়ের পাতায় রক্ত মেশানো বই প্রকাশ হচ্ছে মাত্র ১০টি। এই বইগুলোর দাম ৭৫ হাজার মার্কিন ডলার করে। মানে ৫২ লাখ ৫০ হাজার টাকা! এই ১০টি বই বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে দেওয়া হবে টেন্ডুলকারেরই পরিচালিত একটা দাতব্য প্রতিষ্ঠানে।ফ্লাওয়ার বলছেন, ‘জীবিত এক ক্রীড়া কিংবদন্তির প্রতি সর্বোচ্চ সম্মান দেখানোর জন্য’ তাঁরা এই মহামূল্যবান সংস্করণ বের করছেন, ‘সবার এটা পছন্দ নাও হতে পারে, সবার কাছে রুচিকর মনে নাও হতে পারে। কারও কারও কাছে এটা একটা অদ্ভুতুড়ে ব্যাপার মনে হতে পারে। কিন্তু ঘটনা হলো, লাখ লাখ মানুষের কাছে শচীন টেন্ডুলকার ধর্মীয় নেতার মতো। ফলে আমরা চিন্তা করেছি, বইয়ের মাধ্যমে এই ঈশ্বরকে কীভাবে মানুষের কাছে নিয়ে আসা যায়।’অবশ্য ‘রক্ত সংস্করণ’-এর এই বই আর নতুন কারও হাতে যাওয়ার সম্ভাবনা নেই। এই বিশেষ সংস্করণের ১০টি বই-ই নাকি বাজারে আসার আগেই বিক্রি হয়ে গেছে। ফলে এগুলো কবে বাজারে আসবে, সে খোঁজ নিয়ে আর লাভ নেই!তবে টেন্ডুলকারের এই ‘ওপাস’ সংস্করণের আত্মজীবনী আগামী ফেব্রুয়ারিতে সাধারণের জন্যও আসছে বাজারে। ‘সাধারণ’ সেই বইগুলোও নিতান্ত সাধারণ নয়। আধা মিটার বর্গাকৃতির বইটির ওজন নাকি ৩৭ কেজি। ৮৫২ পাতার বইয়ে ছবি আছে দেড় হাজার এবং শব্দসংখ্যা ৩ লাখেরও বেশি! এ সংস্করণে প্রকাশিতব্য এক হাজার বইয়ের দাম রাখা হবে দুই থেকে তিন হাজার মার্কিন ডলার করে।এই বইয়ে টেন্ডুলকারের রক্ত থাকছে না ঠিকই, থাকছে তাঁর ডিএনএ প্রোফাইল! বইয়ের দুই পাতাজুড়ে ছেপে দেওয়া হবে ভারতীয় এই ব্যাটসম্যানের ডিএনএ নকশা। এ ছাড়া বইয়ের পাতাগুলোর কিনার সোনায় মোড়ানো থাকবে। প্রতিটি বইয়ে থাকবে টেন্ডুলকারের সই।কোনো ক্রিকেটারকে নিয়ে ‘ওপাস’ সংস্করণের বই বের করার উদ্যোগ এই প্রথম। এর আগে ফেরারি, ম্যানচেস্টার ইউনাইটেড, ডিয়েগো ম্যারাডোনা, মাইকেল জ্যাকসন ও বুর্জ খলিফার মতো বিষয় নিয়ে এই বই প্রকাশ করা হয়েছে।২০১১ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বাজারে আসছে এই বই। ‘রক্ত সংস্করণ’ তো দূরে থাক, ‘সাধারণ’ সংস্করণও বেশির ভাগ মানুষ চোখে দেখতে পাওয়ার কথা নয়। তা হলে নিতান্ত সাধারণ লোকেরা কি এই বই থেকে পুরোপুরি বঞ্চিত হবে? না, ‘ক্রাকেন’ জানিয়েছে, দুই থেকে তিন শ ডলার দামে তারা সস্তা এবং অপেক্ষাকৃত ছোট আকারের বইও আনবে বাজারে। এএফপি, ওয়েবসাইট।