রক্তগঙ্গা বইত স্টেডিয়ামেই!
বাতাক্লঁর কনসার্টে হাজার হাজার মানুষ ছিল, সেখানে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ১২০ জন। হাজার হাজার মানুষ ছিল ফ্রান্স স্টেডিয়ামেও, আসনসংখ্যার হিসাবে প্রায় ৮০ হাজার। প্যারিসে গত শুক্রবার এই স্টেডিয়ামের বাইরেই প্রথম আক্রমণ হয়েছিল। তবে হামলাটা স্টেডিয়ামের ভেতরেও হতে পারত। হয়নি স্টেডিয়ামের প্রবেশদুয়ারে নিয়মিত নিরাপত্তা পরীক্ষায় আত্মঘাতী হামলাকারীর শরীরে বাঁধা বোমার অস্তিত্ব ধরা পড়ায়।
গত শুক্রবার ফ্রান্স-জার্মানি প্রীতি ম্যাচের ১৫ মিনিটে বোমা হামলাকারীদের একজন চেষ্টা করেছিল স্টেডিয়ামের ভেতরে ঢোকার। ম্যাচের টিকিটও ছিল তাঁর হাতে। তবে স্টেডিয়ামের প্রবেশপথে নিরাপত্তারক্ষীরা হাত দিয়ে তার শরীর পরীক্ষা করার সময় শার্টের ভেতরে বাঁধা বোমা ধরা পড়ে। নিরাপত্তারক্ষীদের চ্যালেঞ্জের মুখে পড়ে পিছিয়ে যাওয়ার সময় স্টেডিয়ামের বাইরেই বোমাটির বিস্ফোরণ ঘটায় ওই হামলাকারী। এরপর স্টেডিয়ামের প্রবেশমুখে ও পাশে একটি ফাস্ট ফুডের দোকানে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণের পরই ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদকে সরিয়ে নেওয়া হয় স্টেডিয়াম থেকে।
তবে খেলোয়াড়-দর্শকেরা আতঙ্কিত হবেন ভেবে ওই হামলার কথা স্টেডিয়ামে ঘোষণা করা হয়নি। ম্যাচটাও শেষ হয়েছে যথারীতি। ম্যাচ শেষে নিরাপত্তার কারণে জার্মানির খেলোয়াড়েরা ড্রেসিংরুমে রাত পার করেছেন। সংহতি জানাতে ফ্রান্সের খেলোয়াড়েরাও ছিলেন ড্রেসিংরুমেই। ইএসপিএন।