রক্তের জন্য স্যালুট
রক্ত দিয়ে চিঠি লেখাটা একসময় বেশ ‘ফ্যাশন’ ছিল। বলাই বাহুল্য, রুচিশীল লোকদের কাছে কাজটা ‘অশ্লীল’ বলে মনে হতে বাধ্য। অথচ শচীন টেন্ডুলকারের মতো মানুষ কিনা প্রায় ও রকম একটা কাজ করলেন! একটা বই লিখলেন, যে বইয়ের একটা পাতা তৈরি হবে টেন্ডুলকারের রক্ত মেশানো মণ্ড দিয়ে!টেন্ডুলকার ওপাস নামের এই বই প্রকাশের খবরটা শুনে প্রথমে টেন্ডুলকারের সুহূদরা সবাই চমকেই উঠেছিলেন—ব্যবসার জন্য এটা কেমন করে করলেন মার্জিত রুচির টেন্ডুলকার! না, পরে উদ্দেশ্যটা জানতে পেরে টেন্ডুলকারের ঘনিষ্ঠরা তাঁর পিঠই চাপড়ে দিচ্ছেন। শুরুতে চমকে ওঠা ব্যক্তিদের দলে ছিলেন তাঁর বাল্যবন্ধু ও সাবেক টেস্ট ক্রিকেটার বিনোদ কাম্বলিও। সেই কাম্বলিও কারণ শোনার পর ‘স্যালুট’ করছেন বন্ধুকে, ‘প্রথমে ব্যাপারটা শুনে বেশ ধাক্কা খেয়েছিলাম। আত্মজীবনী সাধারণত ব্যক্তিগত ব্যাপার। এমন একটা সিদ্ধান্ত ও নিশ্চয়ই পরিবারের সঙ্গে আলাপ করে নিয়েছে। আমি ওকে স্যালুট করছি।’স্যালুট করার কারণও ব্যাখ্যা করছেন টেন্ডুলকারের সঙ্গে একসময়কার বিশ্বরেকর্ডের অংশীদার কাম্বলি, ‘কাজটার পেছনে ভালো কারণ আছে। এ দিয়ে যে অর্থ আসবে, পুরোটাই দান করে দেওয়া হবে। শচীনের ওর এই দাতব্যপ্রতিষ্ঠানের মাধ্যমে বাচ্চাদের জন্য একটা স্কুল তৈরি করতে চায়। এটা তো মহৎ উদ্দেশ্য। আমার মনে হয় না এই কাজের পেছনে ওর কোনো বাণিজ্যিক উদ্দেশ্য আছে বা সস্তা জনপ্রিয়তা চাইছে।’কাম্বলির এই কথার সুরেই কথা বললেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ম্যানেজার অজিত ওয়াদেকার, ‘দাতব্যপ্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো কারণে শচীন এই কাজ করতে রাজি হতো না। ও একটা ভালো কারণেই রক্ত দিয়েছে। এখন অন্যদেরও এ রকম কিছু করা উচিত।’ সবাই অবশ্য এক সুরে কথা বলছেন না। সাবেক ভারতীয় উইকেটরক্ষক ও নির্বাচক সৈয়দ কিরমানি বলছেন, টেন্ডুলকার নিজের মুখে স্বীকার না করা পর্যন্ত কোনো মন্তব্য করবেন না তিনি, ‘শচীনের রক্ত সত্যিই ব্যবহার করা হয়ে থাকলে ও আগে স্বীকার করুক। ও নিজে এটা বলে ব্যাপারটা প্রমাণ না করা পর্যন্ত আমি এটা নিয়ে কথা বলব না।’ রক্ত ছাড়াও টেন্ডুলকার ওপাস নিয়ে মানুষের বিস্তর আগ্রহ আছে। ৮৫২ পাতা, ৩৭ কেজি ওজন আর আধা মিটার বর্গাকৃতির এই বইটি তার বিষয়বস্তুর কারণেও আলোচনায় এসেছে। প্রকাশনা সংস্থা ‘ক্রাকেন’ বলছে, বইয়ে দেড় হাজার ছবি থাকবে, যার শতকরা ৭৫ ভাগই এর আগে কখনো দেখা যায়নি। থাকবে টেন্ডুলকারের জীবনের অপ্রকাশিত অনেক ঘটনাও।তাই ‘রক্ত’ নয়, বিষয়বস্তুর কারণেই বইটির জন্য অপেক্ষা করছেন সাবেক ক্রিকেটার ও ম্যানেজার লালচাঁদ রাজপুত, ‘শচীনের আত্মজীবনী মানে, সেটা তো বিশ্বকোষের মতো একটা জিনিস হবে।’ ওয়েবসাইট।