দুই দলের জন্যই ‘অতি গুরুত্বপূর্ণ’ ম্যাচ। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ গ্রিস-চেক প্রজাতন্ত্র দুই দলকেই জিততে হবে। প্রথম ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ড্র করায় ২০০৪ চ্যাম্পিয়ন গ্রিসদের হাতে তবুও একটি পয়েন্ট আছে। শেষ আটের স্বপ্ন জিইয়ে রাখতে চেকদের কাছে জয়ের কোনো বিকল্পই নেই। প্রথম ম্যাচে রাশিয়ার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে। আজ হারলেই বেজে যেতে পারে বিদায়-ঘণ্টা। অথচ বাঁচা-মরার এই লড়াইয়ে দুই দলই অস্থির রক্ষণ দুশ্চিন্তায়। গ্রিসদের মাঠে নামতে হচ্ছে তাদের নির্ভরযোগ্য দুই ডিফেন্ডারকে ছাড়াই। হাঁটুর চোটের কারণে টুর্নামেন্টই শেষ হয়ে গেছে আভরাম পাপাদোপুলুসের। সক্রেতিস পাপাস্তাথপুলুসের কাঁধে পোল্যান্ড ম্যাচের লালকার্ড নিষেধাজ্ঞা। কোচ ফার্নান্দো সান্তোসকে তাই খুঁজতে হচ্ছে বিকল্প।চেকদের চোট-কার্ডের সমস্যা নেই। কিন্তু রাশিয়ার বিপক্ষে ৪ গোল খাওয়া রক্ষণ দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। রক্ষণের এই ফাঁক-ফোকর বন্ধ করতে কাকে রেখে কাকে খেলাবেন, কোচ মিকাল বিলেক আছেন সংশয়ে।রক্ষণ দুশ্চিন্তার মধ্যেই আবার দুই দলকে খুঁজে বের করতে হবে গোলের পথ। বাছাইপর্বের ১০ ম্যাচে মাত্র ১৪টি গোল করেছে গ্রিস। চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া দলগুলোর মধ্যে যা সবচেয়ে কম। সমস্যাটা যে রয়েই গেছে, পোল্যান্ড ম্যাচই তার প্রমাণ। চেকদের বড় ভরসা মিলান বারোস। কিন্তু ২০০৪-এর সর্বোচ্চ গোলদাতা গত দুই বছরে দেশের হয়ে করেছেন মাত্র তিন গোল! তার পরও বারোস এবং অধিনায়ক টমাস রসিস্কির দিকেই তাকিয়ে চেকরা। বারোস-রসিস্কি পারবেন গ্রিসদের বিপক্ষে দেশকে ৩০ বছর পর জয় এনে দিতে? চেকরা চূড়ান্ত পর্বে ওঠে মন্টেনেগ্রোর বিপক্ষে প্লে-অফ খেলে। ডিফেন্ডার রোমান হাবনিক আশাবাদী, চাপ উতরাতে মন্টেনেগ্রোর ম্যাচটি তাদের সাহায্য করবে, ‘যদি আমরা হেরে যাই, আমাদের সুযোগ শেষ।’ রয়টার্স।