রক্ষণদুশ্চিন্তা সাবেলারও

প্রথম ম্যাচেই জেকো-লুলিচরা কাঁপিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার রক্ষণভাগ। একই অবস্থা ইরানের বিপক্ষে পরের ম্যাচেও। রেজা ঘুচান্নেজাদ আর আশকান দেজাগাকে সামলাতে গিয়ে হিমশিম খেয়েছেন গারাই-ফার্নান্দেজরা। আর পরশু নাইজেরিয়ার বিপক্ষে তো সত্যিকার অর্থেই আর্জেন্টাইন রক্ষণভাগের দৈন্যদশাটা ফুটে উঠেছে। আহমেদ মুসা যেভাবে দুটি গোল করেছেন, তাতে আর্জেন্টিনার পরের সম্ভাব্য প্রতিপক্ষ দলগুলোর কোচদের চোখ নিশ্চয়ই চকচক করে উঠেছে। প্রতিপক্ষ ফরোয়ার্ডরা সীমানা পেরিয়ে এপারে এলেই হৃৎকম্পন বেড়ে যাচ্ছে আর্জেন্টিনা সমর্থকদেরও। মেসি যতই দুর্দান্ত খেলুন, ডি মারিয়া-গ্যাগোদের খেলায় যতই ছন্দে ফেরার আভাস থাকুক, এই রক্ষণ দিয়ে কি আসলেই বিশ্বকাপ জেতা যাবে?
সমর্থকদের নিয়ে এতটা না হলেও রক্ষণ নিয়ে কিছুটা দুশ্চিন্তা যে আছে সেটা অস্বীকার করেননি আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলাও। পরশু নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর বলেছেন, ‘আমরা সব সময় আক্রমণাত্মক খেলি। আক্রমণাত্মক দলগুলোকে অনেক সময় এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। আমাদের রক্ষণভাগ ভালোই খেলছে। তবে আরও ভালো করার দিকে মনোযোগী হতে হবে। আপনি যদি নকআউটে এমন ভুল করেন হাতেনাতে শাস্তি পেতে হবে।’
টলমল এই রক্ষণভাগে যাঁকে ঘিরে প্রত্যাশাটা অনেক বেশি ছিল সেই পাবলো জাবালেতাও এখন পর্যন্ত খুব একটা আস্থাভাজন হয়ে উঠতে পারেননি সমর্থকদের। ম্যানচেস্টার সিটির সেই গতি নেই আর্জেন্টিনার হয়ে। ওভারল্যাপ করলে সময়মতো নেমে আসতে পারছেন না। এসব ঘাটতির কথা অস্বীকার করেননি আর্জেন্টাইন রাইটব্যাকও। তবে তিনি আশাবাদী গ্রুপের ম্যাচের ভুলগুলো থেকে পাওয়া শিক্ষাটা নকআউটে কাজে লাগাতে পারবে আর্জেন্টিনা, ‘এখন তো জীবন-মরণ ম্যাচ। ভুল করলেই শেষ। আমরা এই কথাটা মাথায় রাখছি। আরও উন্নতি করতে চাই এবং আশা করছি সেটা হবে।’
তবে সাবেলা আর জাবালেতার মতো রক্ষণ নিয়ে এত দুশ্চিন্তা নেই আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানোর। তাঁর ধারণা, রক্ষণ ভালোই খেলছে এই বিশ্বকাপে। এমনকি পরশু নাইজেরিয়ার বিপক্ষে দুটি গোল করার দায়টাও তিনি নিজেদের রক্ষণভাগকে দিতে রাজি নন, ‘আমি তো মনে করি ওই দুটি গোলই ব্যক্তিগত নৈপুণ্যে হয়েছে। এ ছাড়া ওরা আরও অনেকবার আমাদের বক্সের কাছাকাছি এসেছে, কিন্তু গোল করতে পারেনি।’
তবে রক্ষণভাগের এসব দুর্বলতা একাই আড়াল করে দিচ্ছেন লিওনেল মেসি। গ্রুপের তিনটা ম্যাচেই অসাধারণ খেলে একাই জিতিয়েছেন তাঁর দলকে। পরশু নাইজেরিয়ার বিপক্ষে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। কিন্তু হঠাৎ করেই ৬২ মিনিটে সাবেলা উঠিয়ে নেন তাঁকে।
কোচের সিদ্ধান্তটা পছন্দ হয়নি সমর্থকদের। তবে ম্যাচ শেষে এর কারণটা ব্যাখ্যা করেছেন আর্জেন্টাইন কোচ, ‘আমি মেসিকে বিশ্রাম দিতে চেয়েছি। স্কোরবোর্ডে ৩-২ ছিল তখন। আমার কাছে মনে হয়েছে এ সময় ওকে উঠিয়ে নিলেও সমস্যা নেই।² আমরা ম্যাচের আগেই এ নিয়ে কথা বলেছি। মেসিও জানত যেকোনো একসময় ওকে উঠে যেতে হবে।’ পরে কোচের সিদ্ধান্তে নিজের সন্তুষ্টি জানিয়েছেন মেসিও, ‘আমি ঠিক আছি। এখন আমরা পাঁচ কিংবা ছয় দিনের বিশ্রাম পাচ্ছি।’
মেসিকে ইচ্ছে করেই তুলে নিলেও চোট পাওয়া আগুয়েরোকে প্রথমার্ধে বাধ্য হয়েই উঠিয়ে নিতে হয়েছিল সাবেলাকে। সেই চোট কতটা গুরুতর, তা নিশ্চিত হওয়া যায়নি এখনো। তবে বিকল্প আছে ধরে নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না সাবেলা, ‘আমাদের দলে তো একই রকম খেলোয়াড় আছে আরও। আজ যেমন লাভেজ্জি তার জায়গা নিয়েছে।’ রয়টার্স।