রক্ষণভাগ নিয়ে চিন্তিত মানচিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেলেও এবারের শুরুটা ভালোভাবে করতে পারেনি ম্যানচেস্টার সিটি। প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে ড্র করে পয়েন্ট তালিকায় বেশ পেছনের দিকে আছেন রবার্তো মানচিনির শিষ্যরা। এখন গতবারের জেতা শিরোপাটা নিজের ঘরে রাখতে রক্ষণভাগের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মনে করছেন কোচ মানচিনি। গতকাল আর্সেনালের কাছে শুরুতে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ার পর এমন মন্তব্য করেছেন এই ইতালীয় কোচ।গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় আর্সেনালের বিপক্ষে ৪০ মিনিটে লেসকোটের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু খেলার শেষ পর্যায়ে, ৮২ মিনিটে, এই গোল শোধ করে দেন আর্সেনালের ডিফেন্ডার লরেন্ত কোসিলেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ম্যানসিটিকে। এরই মধ্যে এবারের মৌসুমের ছয়টি ম্যাচে নয়টি গোল হজম করেছে গতবারের প্রিমিয়ার লিগ শিরোপাজয়ীরা। আর এই পরিসংখ্যানে মোটেই খুশি হতে পারছেন না মানচিনি। গতকাল আর্সেনালের বিপক্ষে ম্যাচটির পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের কাছে হারের পর আজও যে ফলটা হলো, তাতে আমি খেলোয়াড়দের জন্য খুবই দুঃখিত। কিন্তু আমার চিন্তাটা দলের রক্ষণভাগ নিয়ে। আমাদের এই দিকটায় অনেক উন্নতি করতে হবে। এটা নিয়ে কাজ করতে হবে। গত চারটি খেলাতেই আমরা শেষ মুহূর্তে গোল হজম করেছি। এমনটা হতে পারে না। আমার মতো খেলোয়াড়েরাও এটা নিয়ে হতাশায় ভুগছে। আমরা যদি জিততে চাই, তাহলে আমাদের কোনো গোল খাওয়া যাবে না।’গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের খেলায় রিয়াল মাদ্রিদের বিপক্ষেও ২-১ গোলে এগিয়ে থাকার পর শেষ সময়ে দুটি গোল খেয়ে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে। ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচটি খেলা শেষে ৯ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। ইএসপিএন।