রক্ষণভাগ নিয়ে চিন্তিত ভিলানোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে ৩-২ গোলের জয় দিয়ে শুরুটা ভালোভাবেই করেছিল বার্সেলোনা। আর নিজেদের মাঠে এই জয়টা দিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের পথেও বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল কাতালানরা। কিন্তু গতকাল দ্বিতীয় লেগের খেলায় রক্ষণভাগের অমার্জনীয় ভুলের কারণে পাল্টে গেছে সব হিসাব। ২-১ গোলের জয় দিয়ে মৌসুমের প্রথম শিরোপাটি ঘরে তুলেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। দুটি গোলই হয়েছে বার্সার রক্ষণভাগের জাভিয়ের ম্যাচেরানো ও জেরার্ড পিকের ভুলের কারণে। আর তাই এখন রক্ষণভাগ নিয়ে আলাদাভাবেই চিন্তিত হয়ে পড়েছে ইউরোপের অন্যতম শীর্ষ এই ক্লাব। স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে এই রক্ষণভাগ নিয়েই কাজ করতে চান বার্সেলোনার নতুন কোচ টিটো ভিলানোভা।গতকাল বার্নাব্যুতে প্রথম ২০ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ১১ মিনিটে একটি পাস ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেননি হাভিয়ের ম্যাচেরানো। এই ভুলের খেসারত দিয়েই প্রথম গোলটি হজম করে বার্সেলোনা। আট মিনিট পর জেরার্ড পিকেও করেন প্রায় একই ধরনের ভুল। পরিণামে বার্সার জালে বল জড়িয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর ফলে সুপার কাপের প্রথম লেগে জয় পেয়ে এগিয়ে গেলেও মৌসুমের প্রথম শিরোপাটা অধরাই থেকে গেছে বার্সার। তবে ভবিষ্যতেও যেন এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়, সেটাই এখন নিশ্চিত করতে চাইছেন কোচ টিটো ভিলানোভা। গতকাল এল ক্ল্যাসিকোতে হারের পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘রক্ষণভাগ নিয়েই আমাদের এখন কাজ করতে হবে।’শুরুটা যে মোটেও ভালোভাবে করতে পারেননি, সেটা ম্যাচ শেষে স্বীকার করে নিয়েছেন জেরার্ড পিকেও। তবে ১০ জনের দল নিয়েও তাঁরা যেভাবে খেলেছেন, সেটা কিছুটা সম্মানের দাবি রাখে বলেও মন্তব্য করেছেন বার্সেলোনার এই ডিফেন্ডার। তিনি বলেছেন, ‘ম্যাচের শুরুটা আরও ভালোভাবে করা উচিত্ ছিল আমাদের। কিন্তু এখানে ১০ জনের দল নিয়ে আমরা যেভাবে খেলেছি, সেটা সম্মানের দাবি রাখে।’প্রথমার্ধের ২৮ মিনিটে আদ্রিয়ানো লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জনের দলে পরিণত হয়েছিল বার্সেলোনা।— রয়টার্স