রক্ষণভাগের দুর্বলতা স্বীকার করছেন লুসিও
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ব্রাজিল। কিন্তু কিছুটা প্রশ্ন জেগেছে দলটির রক্ষণভাগ নিয়ে। উত্তর কোরিয়া ও আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচে অপ্রত্যাশিতভাবে একটি করে মোট দুটি গোল হজম করেছে ব্রাজিল। এ ঘটনায় নিজেদের রক্ষণভাগের দুর্বলতা স্বীকার করলেও আশঙ্কা করার কারণ নেই বলে জানিয়েছেন ব্রাজিলের অধিনায়ক লুসিও।লুসিও স্বীকার করছেন, রক্ষণভাগের ভুলের কারণে এখন পর্যন্ত কোনো সমস্যা না হলেও গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের ভুল বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ‘কেউ গোল হজম করতে চায় না। আমরা সব সময় নিজেদের সেরাটা খেলার চেষ্টা করি, উন্নতি করার চেষ্টা করি। আশা করছি, সামনের দিনগুলোতে আর ভুল হবে না’, রয়টার্সকে বলছেন ব্রাজিলের অধিনায়ক। দুটি ম্যাচেই একটি করে গোল খাওয়ায় নিজের অসন্তুষ্টির কথায় লুকিয়ে রাখছেন না তিনি। লুসিও বলছেন, ‘আমরা অবশ্যই খুশি নই। ভুল নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি।’পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়েই কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাচ্ছেন লুসিও! অবাক লাগছে না? এ পর্যন্ত বিশ্বকাপের ১৫টি ম্যাচে অংশ নিয়ে পেলের সঙ্গে অবস্থান করছেন লুসিও। কালই ব্রাজিলের ইতিহাসে বিশ্বকাপে অংশ নেওয়ার দিক থেকে ষষ্ঠ স্থানে উঠে যাবেন তিনি। ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলারকে ছাড়িয়ে যাচ্ছেন বলে নিশ্চয়ই খুশিতে টগবগ করার কথা লুসিওর। কিন্তু বিষয়টি যে জানতেনই না তিনি! স্মরণ করিয়ে দেওয়ার পর লুসিও বলছেন, ‘এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়। এই রেকর্ড আমাকে বাড়তি প্রেরণা দেবে। তবে এখানে আমরা ব্যক্তিগত রেকর্ড গড়ার লক্ষ্যে আসিনি।’