রক্ষণেই আস্থা নেইমারের

পেলে, গারিঞ্চা, জিকো, রোনালদো, রোমারিও—একেকটি নাম যেন একেকটি ইতিহাস। প্রতিপক্ষের গোলবারের সঙ্গে যতটা ভালো বন্ধুত্ব ছিল তাঁদের, ঠিক ততটাই যেন আড়ি ছিল প্রতিপক্ষের রক্ষণের সঙ্গে। আক্রমণের ঢেউ তুলে কতবার যে ত্রাস ছড়িয়েছেন এঁরা, তার ইয়ত্তা নেই। ছন্দের তালে তালে মুহুর্মুহু আক্রমণ তো ব্রাজিলের ফুটবলেরই ধারা।
কিন্তু শুধু গোল দিলেই তো হবে না, নিজেদের গোলবারও আটকে রাখা চাই! কার্লোস আলবার্তো, কাফু, রবার্তো কার্লোসের মতো কিংবদন্তিরা ব্রাজিলের রক্ষণ সামলে এসেছেন দীর্ঘদিন। কিন্তু পেলে, গারিঞ্চা, রোনালদোদের ছাপিয়ে যেতে পারেননি কখনোই। তবে এই প্রথমবারের মতো ব্রাজিলের ইতিহাসে আক্রমণভাগের চেয়ে রক্ষণভাগই বেশি শক্তিশালী। এর কৃতিত্ব পাবেন লুইস ফেলিপে স্কলারি নামের ভদ্রলোক। দায়িত্ব নিয়েই রক্ষণভাগের খোলনলচে বদলে দিয়েছেন।
পিএসজির থিয়াগো সিলভাকে বলা হচ্ছে সময়ের সেরা সেন্টারব্যাক। আরেকজন সেন্টারব্যাক চেলসির ডেভিড লুইজ। রাইটব্যাক দানি আলভেজ ও লেফটব্যাক মার্সেলোকে নিয়ে ব্রাজিলের রক্ষণভাগ আরও বেশি জমাট। সিলভা-লুইজ-আলভেজ-মার্সেলো—এই চতুষ্টয়ের নিরেট দেয়াল পেরিয়ে গোল দেওয়াটা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জ। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন টটেনহামের পাওলিনহো এবং ভলফসবুর্গের লুইজ গুস্তাভো। কনফেডারেশনস কাপে এই দুজনের যুগলবন্দী ছিল ব্রাজিলের সাফল্যের একটা নিয়ামক। গত ৯ ম্যাচের ৭টিতেই গোলবার অক্ষুণ্ন রেখেছে ব্রাজিলের রক্ষণ। দলে নেইমার আছেন, আছেন অস্কার। তবু আক্রমণভাগের চেয়ে বেশি নম্বর পাচ্ছে ব্রাজিলের রক্ষণভাগ।
খোদ নেইমারই তাই বলছেন, ‘যদি আমরা গোল না-ও করতে পারি, তবু আমাদের সবাইকে পেছনে যেতে হয় না। এটা আমাদের গোলের সুযোগ আরও বাড়িয়ে দেয়। যদি আমরা যার যার কাজ যথাযথভাবে করতে পারি, প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নেওয়া খুব কঠিন হয় না তখন।’ রক্ষণভাগ অটল, নিরেট। নেইমাররা নিজেদের দায়িত্ব পালন করলে ব্রাজিলের ‘হেক্সা’ রোখে কে?