রক্ষা পেলেন না ফুটবলারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় জীবনের কোনো নিরাপত্তা নেই। নিজের বাসায় থেকেও প্রাণ দিতে হলো এক ফুটবলারকে। ইসরায়েলিদের বোমার আঘাতে মারা গেলেন ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফুটবলার আহেদ জাকত। ৪৯ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডারের মৃত্যুর খবর পরশু নিশ্চিত করেছে ফিলিস্তিনের সংশ্লিষ্ট চিকিৎসক দল।
ইসরায়েলি বোমা যখন আঘাত করে, তখন বাসায় ঘুমাচ্ছিলেন জাকত। বোমার আঘাতে গুঁড়িয়ে যায় তাঁর অ্যাপার্টমেন্ট। ধ্বংসস্তূপ সরিয়ে বের করে আনা হয় তাঁর মরদেহ। স্থানীয় সংবাদমাধ্যমের দৃষ্টিতে তিনি ফিলিস্তিনের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
বয়সভিত্তিক দলে ক্যারিয়ার শুরু করে জাতীয় দলে জাকত অভিষিক্ত হন ১৯৯৪ সালে। যত দিন খেলেছেন, অপরিহার্য ছিলেন জাতীয় দলে। মিশেল প্লাতিনিসহ ফ্রান্সের তারকাদের নিয়ে গড়া দলের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলেছিলেন জাকত। কয়েক বছর আগে খেলা ছেড়ে যুক্ত হন কোচিংয়ে। ফিলিস্তিনের জাতীয় টেলিভিশনে ক্রীড়াবিষয়ক একটা অনুষ্ঠানও করতেন গাজার জনপ্রিয় এই ফুটবলার। কিন্তু ইসরায়েলিদের নির্দয় বোমা বাঁচতে দিল না এই ফুটবলারকেও। রয়টার্স।