রঙিন পোশাকে শেষবার দ্রাবিড়
‘তাই নাকি!’—যেন আকাশ থেকে পড়লেন গ্রায়েম সোয়ান। ইংলিশ স্পিনার জানতেনই না আজ ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলতে নামছেন রাহুল দ্রাবিড়। বিস্ময়ের ঘোর কাটতে বললেন, ‘ভালোই হলো, অন্তত ওয়ানডেতে ওকে আর বোলিং করতে হবে না!’সোয়ানের কথাগুলো যেন দ্রাবিড়ের ওয়ানডে ক্যারিয়ারের কথাই বলে। টেস্টের মতো ওয়ানডেতেও দীর্ঘ সময় জুড়ে ছিলেন ভারতের ব্যাটিংয়ের বড় নির্ভরতা। কিন্তু রঙিন পোশাকে ধারাবাহিক সাফল্যও তাঁকে ‘রঙিন’ করতে পারেনি। বেশির ভাগ সময়ই ঢাকা পড়েছেন টেন্ডুলকার-সৌরভ-শেবাগদের ছায়ায়। আড়ালে থেকে নিজের কাজটা প্রায় সময়ই করে গেছেন ঠিকঠাক। টেস্টের তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক, কিন্তু ওয়ানডেতেও যে তাঁর (১০৮২০ রান) চেয়ে বেশি রান আছে মাত্র ছয়জনের, এটা কজন জানে! তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র সাতজন। ১৯৯৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান-সংগ্রাহক দলের প্রয়োজনে নিজের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়েছেন উইকেটের পেছনেও।কিন্তু প্রাপ্য কৃতিত্বটা কমই পেয়েছেন। ছুড়েও ফেলা হয়েছে কয়েকবার। কিন্তু প্রয়োজনে ঠিকই মনে পড়েছে তাঁর কথা! তিনিও সব সময় সাড়া দিয়েছেন ডাক পেয়ে। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে তরুণদের দুর্বলতার কথা ভেবে ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেলেন দুই বছর পর। এরপর আবার বাইরে। আবার দুই বছর পর প্রয়োজন হলো তাঁকে। যথারীতি সাড়া দিলেন, তবে এটাই শেষ। টেস্ট সিরিজে তাঁর সাফল্য আর তরুণদের ব্যর্থতায় ওয়ানডে দলে ডাক পাওয়ার পরপরই জানিয়ে দিয়েছেন, এই সিরিজই শেষ। দেশের হয়ে রঙিন জার্সিতে আর নয়। মাঝে খেলে ফেলেছেন ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিও।ওয়ানডে সিরিজটায় অবশ্য ভালো করতে পারেননি (২, ৩২, ২, ১৯)। শেষের ডাক শুনতে পেয়েই হয়তো বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছিলেন। সতীর্থরা তাঁকে ‘গ্র্যান্ড ফেয়ারওয়েল’ দিতে পারেন। তবে ক্যারিয়ারজুড়ে যিনি ছিলেন দল অন্তঃপ্রাণ, দলের জয়ই নিশ্চয় তাঁর কাছে হবে সবচেয়ে বড় পুরস্কার। দুঃস্বপ্নের সফরে ইংল্যান্ডের কাছে চারটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে হারার পর গত ম্যাচটিতে প্রথম হার এড়াতে পেরেছে ভারত। ‘উন্নতি’র ধারায় আজ কার্ডিফে কি দেখা দেবে জয়? ধোনিরা কি পারবেন ভারতীয় ক্রিকেটের নীরবে সুরভি ছড়ানো নায়ককে বিদায়ী উপহার দিতে? ওয়েবসাইট।