রঙে রঙে রিও
বস্তির বোল্ট
পুরো রিও ডি জেনিরো শহরটাই এখন গর্বিত তাঁর ছোঁয়ায়। বিশ্বের কোটি কোটি মানুষ তাঁর কীর্তিতে বিমোহিত। কিন্তু রিওর একটি বস্তিকে এক বছর আগেই অনুপ্রাণিত করে গেছেন উসাইন বোল্ট। ২০১৫ সালের এপ্রিলে জ্যামাইকান ‘বজ্রবিদ্যুৎ’ দৌড়েছিলেন রিওর প্রতিবেশী ম্যাঙ্গেইরার লাল ট্র্যাকে, যেটি কিনা আবার দরিদ্র অঞ্চলটির গর্ব। শুধু দৌড় বললে ভুল হবে, বোল্ট সেদিন অনুপ্রাণিত করে গেছেন ওই ট্র্যাকেই ‘বোল্ট হওয়ার স্বপ্ন নিয়ে’ অনুশীলন করে যাওয়া ১৫ হাজার তরুণ অ্যাথলেটকে, যাঁদের বসবাস আশপাশের বস্তি অঞ্চলে। এমনই একজন ১৬ বছর বয়সী ভিতর সোয়ারেস। ‘লাইটনিং বোল্ট’ পোজ দিয়ে এই তরুণ বললেন, ‘২০২০ অলিম্পিকে সে (বোল্ট) তাকিয়ে তাকিয়ে দেখবে, কারণ আমি আসছি।’ মার্কা।
কম–বেশি
১৮ আগস্ট রিও অলিম্পিক পেয়ে গেছে তার সর্বকনিষ্ঠ সোনাজয়ী। মেয়েদের ১০ মিটার প্ল্যাটফর্মে অপ্রত্যাশিতভাবে সোনা জিতেছেন রেন কিয়ান। নিজের প্রথম অলিম্পিক সোনা জয়ের দিনে চীনের এই ডাইভারের বয়স ছিল ১৫ বছর ১৮০ দিন। এই চীনা কিশোরীর বিজয়োল্লাস তাজা থাকতে থাকতেই এই আসরের সবচেয়ে বয়সী সোনাজয়ীর দেখাও মিলল পরশু। পুরুষদের শো জাম্পিংয়ের এককে সোনা জিতেছেন ব্রিটেনের নিক স্কেলটন ও তাঁর ঘোড়া বিগ স্টার। ৫৮ বছর ৮ মাস বয়সী স্কেলটন লন্ডন অলিম্পিকেরও সোনাজয়ী। তবে সেবার সোনা জিতেছিলেন দলগত ইভেন্টে। একক খেলোয়াড় হিসেবে ব্রিটেনের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ সোনাজয়ী অলিম্পিয়ান স্কেলটন। ১৯০৮ লন্ডন অলিম্পিকে ১ হাজার গজ ফ্রি রাইফেলে সোনা জেতার সময় জেরি মিলনারের বয়স ছিল ৬১ বছর ৪ দিন। এএফপি।