রঙে রঙে রিও
সুপারম্যান–ওয়ান্ডার ওম্যান!
আর অন্য দশ জোড়া দম্পতির চেয়ে দুজন একটু অন্য রকম। দুজনের পরিচয়, প্রণয় সবই ট্র্যাকে। গাঁটছড়া বেঁধেছেন বছর তিনেক আগে। দুজনই লড়েন প্রায় একই রকম ইভেন্টে। অ্যাশটন ইটন ডেকাথলনের টানা দুবারের সোনাজয়ী। আর তাঁর স্ত্রী ব্রিয়ানি থিসেন-ইটন এবার হেপ্টাথলনে জিতেছেন ব্রোঞ্জ। অ্যাশটন যদি ছেলেদের সুপারম্যান হন তাহলে থিসেন-ইটন তো ওয়ান্ডার ওম্যানই। দুজনের খেলাটা কাছাকাছি হওয়ায় অনুশীলনে অনেকটা সময় একসঙ্গেই থাকতে হয়। থিসেন-ইটন হাসতে হাসতে জানালেন, ট্র্যাকের বাইরে দুজনের সেভাবে একান্তে সময়ও কাটানো হয় না! আর কখনো যদি যান, দুজন নাকি কথা বলার মতোও তেমন কিছু খুঁজে পান না। একসঙ্গে এত সময় কাটালে অবশ্য এমন হতেই পারে! এএফপি।
জরিমানা
রিও অলিম্পিক শুরুর পর থেকেই খেলার বাইরের নানা কারণে আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাথলেটরা। অলিম্পিক ভিলেজের নানা অসুবিধার কথা তুলে ধরেন তাঁরা। আরও একবার শিরোনামে অস্ট্রেলিয়া, তবে এবার নিজেদের ভুলের মাশুল দিয়ে। যথাযথ পরিচয়পত্র না নিয়ে স্টেডিয়ামে গিয়ে উল্টো জরিমানা গুনলেন দেশটির নয়জন অ্যাথলেট। ঘটনাটা ঘটেছে অস্ট্রেলিয়া-সার্বিয়া বাস্কেটবল সেমিফাইনালকে ঘিরে। পরিচয়পত্র না থাকায় ওই অ্যাথলেটদের স্টেডিয়াম থেকে থানায় নিয়ে আসে পুলিশ, ঘণ্টা কয়েক আটকেও রাখে। পরে প্রত্যেক অ্যাথলেটের জন্য ১০ হাজার করে মোট ৯০ হাজার রিয়াল (প্রায় ২২ লাখ টাকা) জরিমানা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অ্যাথলেটদের ছাড়িয়ে এনেছে অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি (এওসি)। এওসির প্রধান কিটি চিলার অবশ্য অ্যাথলেটদের নির্দোষ দাবি করে গতকাল বলেছেন, ‘নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ান অ্যাথলেটদের কোনো দোষ নেই। আমি খুবই হতাশ যে গত রাতে যা হয়েছে, আমাদের অ্যাথলেটদের সেটির মধ্য দিয়ে যেতে হয়েছে।’ রয়টার্স।
অভিনব প্রতিবাদ
কোপাকাবানা বিচে কৃত্রিম বস্তি! সেটিও আবার অলিম্পিক রিংয়ের পাশে। গত পরশু পর্যন্ত এমন একটা বস্তির অস্তিত্ব ছিল রিওর বিখ্যাত সমুদ্রসৈকতে। প্রতিবাদ জানাতেই বানানো হয়েছে এই বস্তি। দুর্নীতি, অনিয়ম ও দারিদ্র্যের সঙ্গে লড়তে থাকা ব্রাজিলে এই সময়ে রিও অলিম্পিক আয়োজনে অখুশি ‘রিও দে পাজ’ গ্রুপের পক্ষ থেকে অভিনব এই প্রতিবাদ। ঠিক পাঁচ বৃত্তের অলিম্পিক রিংয়ের পাশেই দাঁড় করিয়েছে কাঠের তৈরি একটি কুটির, কৃত্রিম বর্জ্যনিষ্কাশন লাইন, আর পাশে বুলেটের ঝাঁঝরা ব্রাজিলের পতাকা। প্রতিবাদকারীদের মুখেও ছিল স্কচটেপ আঁটা। তবে অভিনব এই প্রতিবাদ টেকেনি। সৈকতে যেতে চাওয়া মানুষের রাস্তায় বাধা তৈরি করে বলে এই কৃত্রিম বস্তিটি পরশু গুঁড়িয়ে দিয়েছে রিও পুলিশ। রয়টার্স।