রঙে রঙে রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন! আগুন!
সাধারণ রাস্তায় নয়। পাহাড় ঠেলে সাইকেল চালানোর প্রতিযোগিতা। কিন্তু সেই পাহাড়ি রাস্তায় ছড়িয়ে পড়ল বিভীষিকা, দুই পাশে দাউ দাউ করে জ্বলছে আগুন। পরশু আরেকটু হলে আগুনের আঁচ সাইক্লিস্টদের গায়েও লাগতে পারত। শ্যুটিংসহ আরও কয়েকটি খেলার ভেন্যু দেওদোরোর পেছনের পাহাড় থেকে শুরু হয়ে সেই আগুন শ্যুটিং রেঞ্জের কাছাকাছি চলে এসেছিল। শেষ পর্যন্ত অবশ্য দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাইক্লিস্টদের কারও ক্ষতি হয়নি। অন্য সব প্রতিযোগিতাও ঠিকমতো হয়েছে। এএফপি
অস্বীকৃতির দণ্ড
জুডোর ম্যাচ শেষ, রেফারির দুই পাশে দাঁড়িয়ে দুজন প্রতিযোগী। নিয়ম অনুযায়ী তাঁদের হাত মেলানোর কথা। ইসরায়েলের প্রতিযোগী ওর স্যাসন হাত বাড়িয়েও দিলেন। কিন্তু মিসরের ইসলাম এল শিহাবি হাত মেলালেন না। তখনই গ্যালারি থেকে ভেসে আসে দর্শকদের দুয়ো। সেটি নিয়ে তুমুল সমালোচনার মুখে শেহাবিকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে মিসর। কিন্তু শেহাবি হাত মেলাতে অস্বীকার করলেন কেন? এই জুডোকা পরে জানিয়েছেন, স্যাসন ইসরায়েলি বলেই হাত মেলাননি। আইওসি ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ব্যাপারটা অলিম্পিকের চেতনার পরিপন্থী। কে জানে, এখন শেহাবিকে আরও বড় শাস্তি পেতে হয় কি না! এএফপি।
ভুল সংকেত
তুমুল চিৎকার-চেঁচামেচি, সঙ্গে কিছু একটা চাপড়ানোর গগনবিদারী শব্দ। নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ধন্দেই পড়ে গিয়েছিলেন। আবার কোনো অঘটন হয়নি তো? একটু পর পুলিশ এসে তো রীতিমতো ভ্যাবাচেকা, কোনো হামলা বা দুর্ঘটনার চিহ্নও নেই। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে সবাই আসলে উসাইন বোল্টের দৌড় দেখছিলেন। আর বোল্টের জয় দেখা মানে তো বাড়তি উচ্ছ্বাস। কেউ হাতের কাছে যেটা পেয়েছেন সেটাই বাজিয়েছেন, অনেকেই আবার তালি দিয়েছেন। নিরাপত্তারক্ষীরা সেটা থেকেই বিভ্রান্ত হয়েছেন। এমনকি কিছুক্ষণের জন্য ফ্লাইটের ওঠানামাও বন্ধ ছিল! এএফপি।