রঙে রঙে রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘ না চাইতেই...
টাকাপয়সা বকেয়া ছিল অনেক দিনের। অলিম্পিক-যাত্রা নিয়েই ছিল সংশয়। শেষ পর্যন্ত অলিম্পিক শুরুর মাত্র সাত ঘণ্টা আগে রিওতে পৌঁছায় নাইজেরিয়া। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্ব, প্রস্তুতির ঘাটতি—এসব নিয়েই চলে গিয়েছিল শেষ চারে। শেষ পর্যন্ত ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সুপার ইগলদের। তবে নাইজেরিয়ার ফুটবলারদের জন্য মেঘ না চাইতেই জল নিয়ে এসেছেন জাপানের এক প্লাস্টিক সার্জন। কাতসুয়া তাকাসু নামের ওই শল্যবিদ এরই মধ্যে নাইজেরিয়ার পুরো দলের জন্য দুই লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন। শুধু তা-ই নয়, প্রতি খেলোয়াড়ের জন্য আলাদাভাবে দিয়েছেন আরও ১০ হাজার ডলার। এবং সেই টাকাটা দিতে নিজেই উড়ে গেছেন রিওতে। কিন্তু হঠাৎ করে নাইজেরিয়ার জন্য এত কিছু করতে গেলেন কেন? তাকাসু জানিয়েছেন, এত সমস্যার মধ্যেও নাইজেরিয়ার এই এগিয়ে চলা তাঁর নজর কেড়েছে। সে জন্যই সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য কিছু একটা করবেন। কিউজেডকম।
অভিনব প্রতিবাদ!
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোচ-খেলোয়াড়েরা কত কিছুই তো করেছেন। কিন্তু রিও অলিম্পিকে পরশু মঙ্গোলিয়ার দুই কুস্তি কোচ যা করলেন, সেটা আগে কখনো হয়েছে কি না সন্দেহ। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে দুজন নিজেদের জামাকাপড় খুলে ফেলেছেন!
কুস্তিতে উজবেকিস্তানের ইখতিয়ার নাভরুজভের সঙ্গে মঙ্গোলিয়ার গানজোরিগিন মানডাখারান জিতেই গিয়েছিলেন। এমনকি রেফারিও মানডাখারানকে পয়েন্টের ব্যবধানে জয়ী ঘোষণা করে দিয়েছিলেন। মঙ্গোলিয়া দল শুরু করে দিয়েছিল উদ্যাপন। ঠিক তখনই রেফারি নিয়মভঙ্গ হয়েছে—এমন অজুহাত তুলে নাভরুজভকে জয়ী ঘোষণা করেন। রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই মানডাখারানের দুই কোচ সেরেনবাটার সোগটবায়ারা ও বিয়ামবারেনচিন বায়ারা পরনের অন্তর্বাস ছাড়া সব পোশাক খুলে ফেলেন। দুই কোচ অবশ্য উদোম অবস্থায় বেশিক্ষণ থাকতে পারেননি। নিরাপত্তাকর্মীরা প্রায় জোর করেই ভেতরে নিয়ে যান তাঁদের। মেইল অনলাইন।