মোহাম্মদ সোলায়মান
২৫ বছর হয়ে গেল। ২৭ অক্টোবর, ১৯৮৮। বাংলাদেশের দর্শকেরা দেশের মাটিতে প্রথমবারের মতো সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেটের, প্রথম স্বাদ পেল আন্তর্জাতিক ক্রিকেটের (পাকিস্তান আমলে অবশ্য সাতটি টেস্ট হয়েছে ঢাকায়)। ওই বছর তৃতীয় এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে হয়েছিল দুটি ম্যাচ; ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তান-শ্রীলঙ্কা ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ। ওই দুই ম্যাচসহ এরপর গত ২৫ বছরে ১৫৯টি ওয়ানডে হয়েছে বাংলাদেশে। সেই ম্যাচগুলো থেকেই কিছু তথ্য-উপাত্ত তুলে ধরা হলো এখানে।
৯৯
দেশের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচের স্কোরটা ছিল অদ্ভুত। চট্টগ্রামে ভারতের বিপক্ষে নির্ধারিত পুরো ৪৫ ওভার খেলে ৮ উইকেটে মাত্র ৯৯ রান করেছিল বাংলাদেশ। কপিল দেবদের বিপক্ষে অলআউট হয়নি, এটাই ছিল গর্বের। ওয়ানডেতে ৪০ ওভারের বেশি ব্যাট করে অলআউট না হওয়া সবচেয়ে কম রানের ইনিংস হিসেবে বাংলাদেশের ইনিংসটি টিকে আছে এখনো। ম্যাচটি ভারত জেতে ৯ উইকেটে। প্রথম দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কা জিতেছিল ৫ উইকেটে।
১২২
বাংলাদেশে বাংলাদেশ সবচেয়ে বেশি ওয়ানডে খেলবে সেটাই স্বাভাবিক। এ পর্যন্ত দেশের মাটিতে ১২২টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সফরকারী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৬টি ম্যাচ খেলেছে ভারত।
সেঞ্চুরি
এ পর্যন্ত ৬৪টি ওয়ানডে সেঞ্চুরি হয়েছে বাংলাদেশে। যার প্রথম দুটি হয়েছিল একই ম্যাচে তৃতীয় এশিয়া কাপে। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি ওপেনার মঈন-উল-আতিক ১০৫ ও ইজাজ আহমেদ অপরাজিত ১২৪ রান করেছিলেন।
৪
বাংলাদেশে সবচেয়ে বেশি সেঞ্চুরি বিরাট কোহলির। নয় ম্যাচ খেলে চারটিতেই সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান। বাংলাদেশের সাকিব ও তামিম পেয়েছেন দুটি করে সেঞ্চুরি।
১৮৫
২০১১ সালে মিরপুরে মাত্র ৯৬ বল খেলেই ১৫ চার ও ১৫ ছক্কায় বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৮৫ রান করেছিলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসন। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস এটিই।
৫ উইকেট
বাংলাদেশে প্রথম ৫ উইকেট পেয়েছিলেন ভারতের আরশাদ আইয়ুব। ১৯৮৮ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ২১ রানেই ৫ উইকেট নিয়েছিলেন এই অফ স্পিনার। সবচেয়ে বেশি তিনবার ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক।
৬/৩৫
সেরা বোলিংটিও রাজ্জাকের। অবশ্য এই রাজ্জাক পাকিস্তানের। পাকিস্তানি পেসার ২০০২ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
সর্বোচ্চ
গত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ভারতীয়দের করা ৪ উইকেটে ৩৭০ রান বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। দেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ ৩০১ রান, কেনিয়ার বিপক্ষে ২০০৭ সালে বগুড়ায়।
সর্বনিম্ন
২০০৯ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে মাত্র ৪৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ। বাংলাদেশে এটাই সর্বনিম্ন ওয়ানডে স্কোর।
সর্বোচ্চ জুটি
১৯৯৮ সালে ভারতের বিপক্ষে ইনডিপেনডেনস কাপের তৃতীয় ফাইনালে তৃতীয় উইকেটে ২৩০ রানের জুটি গড়েছিলেন পাকিস্তানের সাঈদ আনোয়ার ও ইজাজ আহমেদ।
হ্যাটট্রিক
বাংলাদেশে একমাত্র ওয়ানডে হ্যাটট্রিকটি আবদুর রাজ্জাকের। বাঁহাতি স্পিনার ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে করেছিলেন হ্যাটট্রিক।