রডিকের বিদায়, ফেদেরারের হার
কালো পোলো শার্ট। কালো রিস্ট ব্যান্ড। মাথার ব্যান্ডটাও কালো। রজার ফেদেরার কি জানতেন, আর্থার অ্যাশ স্টেডিয়ামের কৃত্রিম আলোয় উজ্জ্বল রাতটা শেষ পর্যন্ত তাঁর জন্য কালো রাতই হয়ে যাবে। অপ্রত্যাশিতভাবে হেরে বসবেন এমন প্রতিপক্ষের কাছে, আগের ১৫ লড়াইয়ের ১১টিই জিতেছেন যাঁর বিপক্ষে!কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের কাছে ৭-৬ (৭/১), ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে হেরে পরশু বিদায় নিয়েছেন এক নম্বর তারকা। টাইব্রেকারে প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটেও আত্মসমর্পণ করে ফেদেরার ঘুরে দাঁড়ান বাঁচা-মরার তৃতীয় সেটে। কিন্তু চতুর্থ সেটটায় গিয়ে আর পারেননি। অথচ এই প্রথম ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছানো বার্ডিচ তাঁর জন্য ছিলেন এমন এক প্রতিপক্ষ, এর আগে যাঁর সঙ্গে রাতে কখনো খেলেননি।৮৭ বছর পর ছয়টি ইউএস ওপেন জেতার কীর্তি গড়ার ইচ্ছাটায় আপাতত তাই এক বছরের বিরতি পড়ল ফেদেরারের জন্য। গত নয় বছরে এই প্রথম এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেন সুইস মাস্টার। দুই বছর পর আবার কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল খেলবেন বার্ডিচ, যেখানে তাঁর প্রতিপক্ষ অ্যান্ডি মারে। মারিন সিলিচকে হারিয়ে শেষ চারে উঠেছেন মারে।বার্ডিচের সর্বশেষ শেষ চারে খেলার অভিজ্ঞতাটা হয়েছিল ২০১০-এর উইম্বলডনে। সেখানেও ফেদেরারকে এই কোয়ার্টার ফাইনালেই হারিয়েছিলেন! তবে কি মাঝখানের বিরতিটাই হিতে বিপরীত হলো ফেদেরারের জন্য? চতুর্থ রাউন্ডে মার্ডি ফিশ সরে দাঁড়ানোয় গত শনিবারের পর থেকে খেলেননি। ফেদেরার নিজে অবশ্য পরাজয়ের ব্যাখ্যা খুঁজে পাননি, ‘কোথায় ভুলটা হলো সেটা ভালো করে ভেবে দেখতে হবে। দেখতে হবে, কোনটা এখন সবচেয়ে জরুরি। আমি সত্যিই হতাশ। নিজের কাছ থেকে আরও ভালো খেলা আশা করেছিলাম।’ তবে শুধু ফেদেরার খারাপ খেলেছেন বলেই তিনি জিতেছেন—এমন সরল ব্যাখ্যা মেনে নিতে আপত্তি বার্ডিচের। তাঁর দাবি, ফেদেরারকে তিনি খারাপ খেলতে বাধ্যই করেছেন।পুরুষদের কোর্টে পরশু আরেকটি বিদায় অনুষ্ঠান হলো। এই বিদায় অবশ্য হলো আবেগঘন। ঘরের ছেলে অ্যান্ডি রডিক অবসরের আগাম ঘোষণা দিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে নামার আগে। সেই বিদায়টা চূড়ান্ত হলো আরও দুই রাউন্ড পরে, চতুর্থ রাউন্ডে হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে ৬-৭ (১/৭), ৭-৬ (৭/৪), ৬-২, ৬-৪ গেমে হেরে। পুরুষ এককে যুক্তরাষ্ট্রকে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জেতানো রডিক উষ্ণ বিদায়ী সংবর্ধনাই পেয়েছেন দর্শকদের কাছ থেকে। অশ্রুসিক্ত রডিক পরে বলেছেন, ‘আমি আবেগে ভেসে যাচ্ছি। আগে মনে করতাম, আবেগময় পরিস্থিতিতে দ্রুত নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা আমার আছে। কিন্তু এখন তেমনটা মনে হচ্ছে না।’ স্তানিসলাস ওয়াওরিঙ্কা খেলার মাঝপথে চোট পেয়ে সরে দাঁড়ানোয় ৬-৪, ৬-১, ৩-১ গেমে এগিয়ে থাকা জোকোভিচ জিতেছেন চতুর্থ রাউন্ডে। শেষ আটে তাঁর খেলা দেল পোত্রোর সঙ্গে। অন্য কোয়ার্টার ফাইনালে জোকোভিচের স্বদেশি ইয়াঙ্কো টিপসারেভিচ মুখোমুখি হবেন স্পেনের ডেভিড ফেরারের। এএফপি, রয়টার্স।