রণকৌশল চূড়ান্ত হবে মধ্যরাতে!

আজ বাংলাদেশ সময় রাত ১০টায় (স্থানীয় সময় বেলা একটা) সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে আর্জেন্টিনার সুইজারল্যান্ড-পরীক্ষা। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের কৌতূহল—কেমন হবে আর্জেন্টিনার রণকৌশল। কিন্তু কোচ আলেসান্দ্রো সাবেলা এ ব্যাপারে সোমবারও কিছু জানাতে পারেননি কিংবা জানাতে চাননি। ম্যাচের ২৪ ঘণ্টাও বাকি নেই, অথচ এখনো কৌশল চূড়ান্ত করতে পারেননি সাবেলা! ব্যাপারটি কি বিশ্বাসযোগ্য!
বিশ্বাস করুন আর না-ই করুন, এতে সাবেলার কিছু যায়-আসে না। সাবেলা একান্তই নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলেন, রণকৌশল নিয়ে লুকোছাপা হয়তো সেই নিয়মকানুনেরই অংশ।
সাংবাদিকেরাও নাছোড়বান্দা। নানাভাবে প্রশ্ন করে বের করতে চাইলেন পরিকল্পনাটা। সাবেলা কিন্তু কম যান না। বললেন, ‘শেষ মুহূর্তেই রণকৌশল চূড়ান্ত হবে। সন্ধ্যা (সোমবার) থেকে ভাবব, রণকৌশল মধ্যরাতেও চূড়ান্ত হতে পারে। আমার ফোন নম্বর যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে ওই সময় ফোন করতে পারেন। তবে আমি নিশ্চিত নই, ওই সময় আমি আপনার ফোন ধরতে পারব কি না!