রণদিভকে নো-বল করার পরামর্শ দিয়েছিলেন দিলশান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরাজ রণদিভের নো-বলের ঘটনায় সৃষ্ট বিতর্কে নতুন মাত্রা যোগ হলো। শ্রীলঙ্কার একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, রণদিভকে নো-বল করার পরামর্শ দিয়েছিলেন সতীর্থ দিলশান!রণদিভের নো-বলের ঘটনায় বীরেন্দর শেবাগ সেঞ্চুরি না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। শেবাগের কাছে দুঃখ প্রকাশ করেছেন ঘটনার মূল নায়ক রণদিভ নিজেও। তবে ঘটনা এখানেই শেষ হচ্ছে না। সৃষ্ট বিতর্কে শ্রীলঙ্কার গঠিত তদন্ত কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিবেদন জমা দেয়নি। এরই মধ্যে শ্রীলঙ্কার দৈনিক দ্য আইল্যান্ড জানিয়েছে, রণদিভ নিজ থেকে নো-বল করেননি, তাঁকে এ কাজ করতে পরামর্শ দিয়েছিলেন দিলশান।ঘটনার বিবরণ দিয়ে পত্রিকাটি লিখেছে, কাভার পয়েন্টে ফিল্ডিং করছিলেন দিলশান। সিংহলিজ ভাষায় রণদিভের প্রতি চিত্কার করে তিনি বলেন, ‘চাইলে নো-বল করতে পারো তুমি!’ শ্রীলঙ্কার কোনো ক্রিকেটারই দিলশানের এ পরামর্শে প্রতিবাদ করেননি।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শেবাগ অভিযোগ করেছিলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নো-বল করেছেন রণদিভ। শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা বা সিনিয়র খেলোয়াড়দের কেউ এ পরামর্শ দিয়ে থাকতে পারেন বলেও সন্দেহ করেছিলেন তিনি। তবে এ ঘটনায় ক্রিকেটারদের কারও সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছিলেন সাঙ্গাকারা।—টাইমস অব ইন্ডিয়া