রণদিভের নো-বল ইচ্ছাকৃত ছিল : শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৯ রানে অপরাজিত শেবাগ, সুরাজ রণদিভের বল উড়িয়ে মাঠের বাইরে ফেললেন তিনি। সেঞ্চুরির আনন্দে দুই হাত ওপরেও তুললেন, কিন্তু সেঞ্চুরিটা হলো না বীরেন্দর শেবাগের! বলটি ‘নো’ হওয়ার সঙ্গে সঙ্গেই জিতে গেছে ভারত। বল মাঠের বাইরে উড়িয়েও ছয় পাননি শেবাগ। ম্যাচ শেষে ভারতের এই তারকা ব্যাটসম্যানের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নো-বল করেছিলেন রণদিভ।নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া হওয়ার প্রতিক্রিয়ায় শেবাগ বলেন, হ্যাঁ, রণদিভের নো-বল ইচ্ছাকৃত ছিল। নিজের এই অভিযোগের ব্যাখ্যাও দিয়েছেন শেবাগ, ‘বলটি ক্রিজের অনেক বাইরে দিয়ে গেছে। এখন পর্যন্ত টেস্ট ম্যাচে কোনো নো-বল করেননি রণদিভ। ওয়ানডে ক্রিকেটেও তাঁর নো-বল নেই। আমি যখন ৯৯ রানে, তখন কেন তিনি নো-বল করলেন? তাও আবার ছোটখাটো নয়, প্রায় এক ফুট বাইরে দিয়ে গেছে বলটি।’এখানেই থামেননি শেবাগ, টেনে এনেছেন শ্রীলঙ্কার ইতিহাসও। শেবাগ বলেছেন, ‘তারা (শ্রীলঙ্কা) কখনোই চায় না, তাদের বিপক্ষে কেউ সেঞ্চুরি করুক। তারা সফল হয়েছে। তারাও খুশি, আমরাও খুশি। আমরা ম্যাচ জিতেছি, বোনাস পয়েন্টও পেয়েছি।’ তাহলে কি রণদিভকে ইচ্ছাকৃতভাবে নো-বল করতে পরামর্শ দিয়েছিলেন দলের সিনিয়ররা? এ প্রশ্নে শেবাগ বলেন, ‘আমি প্রতিপক্ষ দলের অধিনায়ক নই, তাই এর উত্তরও আমার কাছে নেই। তবে অধিনায়ক বা সিনিয়র খেলোয়াড়দের কেউ এ পরামর্শ দিয়ে থাকতে পারেন। আগেও এমনটা হয়েছে। কটকে ৯৬ রানে অপরাজিত ছিলেন শচীন টেন্ডুলকার, তাঁকে সেঞ্চুরি থেকে বঞ্চিত করতে লেগ সাইডে চারটি ওয়াইড বল করেছিল শ্রীলঙ্কা।’তবে শেবাগের এই অভিযোগ অস্বীকার করেছেন কুমার সাঙ্গাকারা। নিজেদের সাফাই গেয়ে শ্রীলঙ্কার এই অধিনায়ক বলেছেন, ‘আমি আশা করছি, এ ঘটনা ইচ্ছাকৃত ছিল না। ক্রিকেটে এ ধরনের পন্থা আমি বরাবরই অপছন্দ করি, তবে সত্যিই এটা ইচ্ছাকৃত ছিল বা এ ঘটনায় কারও হাত ছিল কি না, তা খুঁজে বের করব আমরা।’ বোলার সুরাজ রণদিভের হয়েও কথা বলেছেন সাঙ্গাকারা, ‘সুরাজ বেশ ভালো ছেলে। এটা যে ইচ্ছাকৃত ছিল না, এ নিয়ে কোনো সন্দেহ নেই আমার। হতে পারে সে ‘দুসরা’ করার চেষ্টা করছিল, তবে রণদিভ বোলিং করার আগে কেউ তাঁর সঙ্গে কথা বলে থাকলে আমি তা খতিয়ে দেখব।’—ক্রিকইনফো