রত্নগর্ভা এক মায়ের সঙ্গে কিছুক্ষণ
তান্নেকুমবেরা—নামটা খটমট, দুর্বোধ্য। তাঁর বোলিংয়ের মতোই। এ জন্যই বোধ হয় বাড়ি করার জন্য এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন!এলিফ্যান্ট অরফানেজ, টেম্পল অব টুথ, রয়্যাল রিসোর্ট...ক্যান্ডি শহর আর এর আশপাশে পর্যটকদের আকর্ষণ করার মতো জায়গার অভাব নেই। কিন্তু ক্রিকেটপ্রেমীদের কাছে পর্যটন শহর বা শ্রীলঙ্কার একসময়কার রাজধানী নয়, ক্যান্ডি মানে তো মুরালিধরনের শহর! সবার আগে গন্তব্য তাই মুরালির বাড়ি!ট্যাক্সিচালক ওই এলাকায় নিয়ে গেলেন বটে, কিন্তু বাড়ি যে চেনেন না! ক্যান্ডি শহরটা এমনিতেই কেমন যেন নিষ্প্রাণ, এই এলাকাটা যেন আরও জনমানবহীন। কারও কাছ থেকে শুনে যে বাড়ি বের করা হবে, সেই উপায় নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে একজনের কাছ থেকে শুনে বের করা হলো বাড়ি। আলিশান বলতে যা বোঝায়, ঠিক তা নয়। বেশ ছিমছাম, চমৎকার এক বাংলো। প্রথম কলবেলেই কাজ হলো। বিশাল গেটটা খুলে দিলেন কাঙ্ক্ষিত জনই!ভাবছেন বুঝি স্বয়ং মুরালিধরন? মুরালি বাড়িতে থাকলে কি আর নিরাপত্তার ঘেরাটোপে বাড়ির কাছে যাওয়া যেত! কাঙ্ক্ষিত জন মুরালির মা, লক্ষ্মী মুত্তিয়া। আরও দুটি ছেলে আছে তাঁর, শশীধরন আর প্রভুধরন। এমন বিখ্যাত কেউ নন। কিন্তু এক ছেলেই নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে লক্ষ্মী মুত্তিয়ার পরিচয় তবুও রত্নগর্ভা! কথা অবশ্য খুব বেশি হলো না, সময় দিলেন পরদিন সকাল ১০টায়।পরদিন গিয়েও আবার প্রতীক্ষা। অসংখ্যবার কলবেল চাপার পরও কেউ বের হচ্ছিল না। কর্মচারী ধরনের একজনকে পাওয়া গেল, যাঁর কথাবার্তা আর আচরণে বোঝা গেল বাড়ির অন্দরমহলে প্রবেশাধিকার তাঁর নেই। সময় পেরিয়ে যাচ্ছে, এগিয়ে আসছে পাকিস্তান দলের সংবাদ সম্মেলনের সময়। ক্রিকেট-তীর্থভূমিতে (মুরালির বাড়ি তীর্থভূমি নয় তো কী!) এসে খালি হাতে ফেরত যেতে হবে দেখেই হয়তো একটু দয়া হলো ক্রিকেট-বিধাতার, উপলক্ষ করে পাঠিয়ে দিলেন কোনো এক তরুণীকে। সেই তরুণী গিয়ে খবর দেওয়ার পর খুলল গেট, কোলে ফুটফুটে এক শিশুকে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে লক্ষ্মী মুত্তিয়া!আর সব শ্রীলঙ্কানের মতোই আন্তরিক, মুখ থেকে এক মুহূর্তের জন্যও হাসিটা সরল না। কোলের শিশু তাঁর ছেলের মেয়ে, তবে মুরালির নয়, শশীর মেয়ে। নাম প্রীতিকা। মুরালি আর মাধিমালারের ছেলের নাম নরেন, বয়স এখন ৫ ছুঁই ছুই। ছেলেবেলায় কতটা দুরন্ত ছিল মুরালি, স্কুল থেকেই দারুণ খেলত, উঠে এল নানা না-জানা কাহিনি, তবুও যেন মনে হচ্ছিল নতুন কিছু। বিভিন্ন জায়গায় পড়ে জানা আর খুব কাছের একজনের কাছ থেকে জানা কি এক নাকি? ইংরেজিটা চোস্ত বলতে পারেন না, অনেক কথাই তাই অব্যক্ত থেকে গেল। কিন্তু মুরালির কথা বলতে গিয়ে চোখে-মুখে যে উচ্ছ্বাস, এটাও তো বলে দিচ্ছিল অনেক কিছু। মাত্রই কয়েক মিনিটের কথা, কিন্তু এটাই বা কম কী? ফেরার সময় জানালেন, এখন প্রার্থনা শুধু মুরালির বিদায়টা যেন হয় বিশ্বকাপজয়ী হিসেবে!এই প্রার্থনা কি শুধুই লক্ষ্মী মুত্তিয়ার? দেশের ইতিহাসের সবচেয়ে বড় নায়কের বিদায়টা অবিস্মরণীয় হোক, এই চাওয়া তো প্রতিটি শ্রীলঙ্কানের।