রদ্রিগেজ, না নেইমার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রদ্রিগেজ
রদ্রিগেজ

১৯৯১ সালের ১২ জুলাই কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর কুকুতায় উইলসন বেদেয়া ও মারিয়া দেল পিলার রুবিও দম্পতির ঘর আলো করে আসে এক ছেলে। মাস সাতেক পর সাও পাওলোর মগি দাস ক্রুজেসে অনির্বচনীয় সেই স্বাদ পান নেইমার দা সিলভা ও নাদাইন সান্তোস দম্পতি। আরও লাখো লাতিন শিশুর মতো হাঁটি হাঁটি পা পা করার দিনগুলো থেকেই ফুটবলের সঙ্গে সখ্য ওই দুই ছেলের। ফুটবল-বিধাতার বিশেষ পক্ষপাতিত্ব ছিল দুজনের প্রতিই। শৈশব থেকেই দুজনের প্রতিভার আলো ছড়িয়ে পড়ে চারপাশে। সম্মোহিত পতঙ্গের মতো সেই আলো কাছে টানে ফুটবল স্কাউটদের।

পাড়ার ক্লাব থেকে দুজনেরই পেশাদারি ক্যারিয়ার শুরু নিজ শহরের সবচেয়ে বড় ক্লাবে। এরপর আর্জেন্টিনা, পর্তুগাল ঘুরে সেই কলম্বিয়ান প্রতিভা এখন মোনাকোর হয়ে মাতাচ্ছেন ফ্রেঞ্চ লিগ। আর সাও পাওলোর সেই সন্তান সান্তোসে চার বছর কাটিয়ে গত বছর পাড়ি জমিয়েছেন কোটি তরুণের স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। প্রতিবেশী দুই লাতিন দেশের দুই অমিত প্রতিভাবান তরুণকে এক বিন্দুতে মিলিয়েছে এই বিশ্বকাপ। দুজনই এই বিশ্বকাপের তারকা! এই দুজনের কাঁধে সওয়ার হয়েই এগিয়ে চলেছে দল। তবে আজ থামতেই হবে একজনকে। আজ যে দুজন মুখোমুখি! হামেস রদ্রিগেজ ও নেইমার—আজ বিশ্বকাপ অভিযান শেষ কোনো একজনের।

সেই একজন কে? রদ্রিগেজের দল কলম্বিয়া এখন পর্যন্ত বেশি ধারাবাহিক নেইমারের ব্রাজিলের তুলনায়। তবে কোয়ার্টার ফাইনালের মঞ্চে কাছাকাছি মানের দুদলের লড়াইয়ে আগের সব হিসাবের মূল্য সামান্যই। কার বিশ্বকাপ শেষ হচ্ছে আজ, উত্তর দিতে পারবে কেবল সময়ই। তবে নেইমারের আশা, স্বপ্নযাত্রা শেষ হবে আজ তাঁর প্রতিদ্বন্দ্বীর!
এমনিতে রদ্রিগেজের পারফরম্যান্সে মুগ্ধ নেইমারও। তবে লড়াইটা যখন মুখোমুখি, নিজে তো জিততে চাইবেনই! ‘হামেস অসাধারণ এক ফুটবলার। বিশ্বকাপে এত কিছু করার আগে থেকেই জানতাম ও দুর্দান্ত এক ফুটবলার। বিশ্বকাপে সেই সামর্থ্যটাই কেবল প্রমাণ করেছে। ও একজন সত্যিকারের তারকা। যদিও বয়স এখনো অনেক কম, আমার মতোই, ২২। কিন্তু দেখিয়ে যাচ্ছে এই বয়সেই ও কত পরিণত। এখন পর্যন্ত যা কিছু করেছে, সে জন্য ওকে অভিনন্দন জানাতেই হবে। কিন্তু যথাযোগ্য সম্মান রেখেই বলছি, আশা করি ওর এই অগ্রযাত্রা এবার শেষ হবে, এগিয়ে যাবে ব্রাজিল।’

নেইমার
নেইমার



দলের মতো ব্যক্তিগত পারফরম্যান্সে এখন পর্যন্ত এগিয়ে রদ্রিগেজ। ৫টি গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে। পাশাপাশি দুটি গোলে সরাসরি সহায়তায় সবচেয়ে এগিয়ে রাখছে গোল্ডেন বলের দৌড়েও। নেইমার গোল করেছেন চারটি, সরাসরি সহায়তা নেই। আজ যখন দুজন মুখোমুখি, সরাসরি তুলনা আসবে নানাভাবে। নেইমারকে অবশ্য তুলনায় টেনে নেওয়া গেল না, ‘আমি জানি না কে সেরা। বলত পারব না। তবে আশা করি ব্রাজিল ওকে ছাপিয়ে যাবে। শুধু আমি নই, পুরো দলই।’

দুজনই টেনে নিচ্ছেন দলকে, দুজনের পারফরম্যান্সের ওপর হয়তো নির্ভর করবে আজকের ম্যাচের ফলও। তবে এমন বড় মঞ্চের চাপ সামলানোর অভিজ্ঞতা তো কারও নেই! শুনে যেন একটু বিরক্তই হলেন নেইমার, ‘বয়স মোটে ২২, আর কী কী করতে হবে আমাদের? স্রেফ ফুটবলটা খেলে যেতে চাই। ফুটবলের কোনো বয়স নেই। অভিজ্ঞতা অবশ্যই সাহায্য করে, কিন্তু ২২ বছর বয়সেই জীবনের অনেক গলি দেখা হয়ে গেছে আমার। জীবন থেকে শিখেছি অনেক। কিছু অভিজ্ঞতা তো আছে! মাঠে নেমে স্রেফ মনের আনন্দে খেলতে চাই।’
রদ্রিগেজ তো ম্যাচের পর ম্যাচ দেখিয়েই যাচ্ছেন, ফুটবল তাঁর কাছে উপভোগের আরেক নাম। ফলাফলের টেনশন তাই একপাশ থাকুক। বরং উপভোগ করুন, ২২ বছর বয়সী দুই বিস্ময় তরুণের পায়ে ফুটবল সৌন্দর্যের ফুল! তথ্যসূত্র: ফিফাডটকম, গোলডটকম, ইয়াহু স্পোর্টস।

নেইমার–রদ্রিগেজ
নেইমার         রেদ্রিগেজ
২২    বয়স      ২২
৫৩ আন্তর্জাতিক ম্যাচ  ২৬
৩৫     গোল       ১০
এই বিশ্বকাপে
৪ ম্যাচ ৪
৩৬৯ মি. মাঠে ছিলেন ৩০৯ মি.
৫ গোলে শট ৫
৪ গোল ৫
০ গোলে সহায়তা ২
১ বাঁ পায়ে গোল ৩
৩ ডান পায়ে গোল ১
০ হেডে গোল ১
৪০.৮ কিমি দৌড়েছেন ৩৬ কিমি
১১৩ সফল পাস ১৩০
৬ ট্যাকল ৮