রদ্রিগেজ রিয়ালে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রিদের বারাহাস বিমানবন্দর। রোদচশমা পরা সুদর্শন এক তরুণ তড়িঘড়ি করে যাচ্ছিলেন উড়াল ধরতে। হঠাৎ এক স্প্যানিশ সাংবাদিকের চোখে পড়ে গেলেন ওই তরুণ। চিনতে পেরে বিস্ময়ে খানিকটা বিমূঢ় হয়ে পড়লেন ওই সাংবাদিক, এ​কি! হামেস রদ্রিগেজ মাদ্রিদে কী করছেন? খানিক পরেই টুইটার-ফেসবুকে তড়িৎবেগে ছড়িয়ে পড়ল রদ্রিগেজের ছবি। দুইয়ে দুইয়ে চারও মিলিয়ে ফেললেন কেউ কেউ—মোনাকোর কলম্বিয়ান প্লে-মেকার তাহলে রিয়াল মাদ্রিদেই নাম লেখাচ্ছেন!

ঘটনাটা গত পরশুর।তবে মজার ব্যাপার হচ্ছে, রদ্রিগেজের গন্তব্য কিন্তু মাদ্রিদ ছিল না। বরং ফ্রান্সের নিসের উড়াল ধরতে সাময়িক যাত্রাবিরতি করেছিলেন স্পেনের রাজধানীতে। তখনই চোখে পড়ে যান আলোকচিত্রীর। তবে পরশু সাময়িকভাবে এলেও রদ্রিগেজ অচিরেই হয়তো পাকাপাকিভাবে চলে আসবেন স্পেনে। কারণ স্পেনের প্রচারমাধ্যম জানাচ্ছে, হামেস রদ্রিগেজ মোনাকো থেকে রিয়ালে যোগ দিয়ে দিয়েছেন।মার্কাতো জানাচ্ছে, শুধু কলমের একটা খোঁচাই নাকি বাকি, বাকি সব সারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য রিয়াল আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

সময়ের সবচেয়ে আলোচিত খেলোয়াড় রিয়ালে আসবেন, কয়েক মৌসুম ধরে ব্যাপারটা একরকম অলিখিত রীতিই। রদ্রিগেজের হয়তো নিজেকে প্রমাণের অনেক কিছুই বাকি, তার পরও বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ীর ওপর রিয়ালের চোখ না পড়ে পারেই না। ব্রাজিলে আলো ছড়ানোর পরেই শোনা যাচ্ছিল, রিয়াল দলে আনতে চায় ২৩ বছর বয়সী প্লে-মেকারকে। কিন্তু মাত্রই গত মৌসুমে পোর্তো থেকে মোনাকোতে এসেছেন। এত তাড়াতাড়ি কি কেউ সোনার ডিম পাড়া হাঁসকে ছাড়ে?

মোনাকোও নিশ্চয়ই ছাড়তে চায়নি? কিন্তু রিয়ালের প্রস্তাবটা এতই বড় অঙ্কের যে, সেটা নাকি তারা উপেক্ষা করতে পারেননি। এএস জানাচ্ছে, অঙ্কটা ৮ কোটি ইউরো। মার্কা জানাচ্ছে, মূল অঙ্ক ৭ কোটি ৫০ হাজার ইউরো, তবে বোনাসসহ তা ৮ কোটিতে পৌঁছাতে পারে। শুরুতে অবশ্য মাদ্রিদের প্রস্তাব ছিল ৬ কোটি ইউরোর, কিন্তু মোনাকোর দাবি ছিল ৯ কোটি। শেষ পর্যন্ত দুই পক্ষই খানিকটা ছাড় দিয়েছে বলে দাবি স্প্যানিশ প্রচারমাধ্যমের। এমনও শোনা যাচ্ছে, রদ্রিগেজের বদলে স্যামি খেদিরা বা ডিয়েগো লোপেকের কাউকে মোনাকোর কাছে বিক্রি করে দিতে পারে রিয়াল।

মেসুত ওজিল চলে যাওয়ার পর রিয়ালের ১০ নম্বর জার্সিটা খালি পড়ে ছিল। সেটা নাকি এখন রদ্রিগেজই পরবেন। তাঁর নামে লেখানো জার্সি নাকি এর মধ্যে বানানোও হয়ে গেছে। আনুষ্ঠানিক হয়ে গেলেই চলে আসবে বাজারে। এমনকি খেলোয়াড়দের আবাসস্থল ভালদেবেবাসে রদ্রিগেজের কক্ষটাও ঠিক হয়ে আছে। মার্কা, এএস।