রদ্রিগেজ রিয়ালেই

কথাবার্তা সব পাকাই হয়ে ছিল। অপেক্ষা ছিল শুধু চুক্তিপত্রে কলম ছোঁয়ানোর। আজ সেই আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী তারকা হামেস রদ্রিগেজ। হয়ে গেলেন রিয়াল মাদ্রিদের সম্পত্তি। ‘লস ব্লাঙ্কোস’দের সঙ্গে এই কলম্বিয়ান তারকার চুক্তিটা ছয় বছরের। মোনাকো থেকে তাঁকে আনতে রিয়ালের খরচটা ৮০ মিলিয়ন ইউরো।
রদ্রিগেজকে আজই সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে ইউরোপের শীর্ষ ধনী এই ক্লাব। তাঁর হাতে তুলে দেওয়া হবে ১০ নম্বর জার্সি। গত মৌসুমে মেসুত ওজিল আর্সেনালে পাড়ি জমানোর পর আর কারও গায়েই ওঠেনি এই ১০ নম্বর জার্সি।
রদ্রিগেজ যে রিয়াল মাদ্রিদেই আসছেন, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগেই। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত টাকা-পয়সা নিয়ে দেন-দরবার চালিয়েছে মোনাকো ও রিয়াল।
ফরাসি একটি পত্রিকার রিপোর্ট অনুযায়ী, মোনাকো আরও পাঁচ মিলিয়ন ইউরোর দাবি জানিয়েছিল। সেই সঙ্গে দলে ভেড়াতে চেয়েছিল গোলরক্ষক ডিয়েগো লোপেজকে। কিন্তু লোপেজ রিয়াল ছেড়ে যেতে রাজি হননি।