রদ্রিগেজে মেতেছে সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস রদ্রিগেজ ছবি এফপি।
জেমস রদ্রিগেজ ছবি এফপি।

হোসে পেকারম্যান জাত চেনেন। চেনেন বলেই তাঁর হাতেই ফুটবল-জগতে নাম কিনেছেন রিক্যুয়েলমে, স্যাবিওলা, আইমারদের মতো তারকা খেলোয়াড়েরা। পেকারম্যান এবার আর নিজ দেশ আর্জেন্টিনা নয়, কলম্বিয়ার কোচ হিসেবে তুলে এনেছেন এক নতুন সেনসেশন জেমস রদ্রিগেজকে।

রদ্রিগেজকে এবারের বিশ্বকাপের ‘আবিষ্কার’ বললে খুব বাড়াবাড়ি হয়ে যায় না। ইতিমধ্যেই পাঁচ-পাঁচটি গোল করে এই তরুণ-তুর্কি কেবল নিজেকেই শীর্ষে নেননি, তাঁর দেশ কলম্বিয়াকে তুলে দিয়েছেন শেষ আটে। প্রতিটি ম্যাচে তাঁর অনবদ্য পারফরম্যান্স তাঁকে তুলনীয় করে তুলেছে মেসি, নেইমার, এমনকি ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গেও।

পেকারম্যান অবশ্য তাঁর প্রিয় ছাত্রের এই অভিধায় খুব একটা অবাক হচ্ছেন না। তিনি জানিয়েছেন, তাঁর পুরোনো সব ফুটবল-ছাত্রের প্রতিভা যদি এক করা হয়, রদ্রিগেজ নাকি ছাড়িয়ে যাবেন তাঁদের প্রায় সকলকেই।

আসলেই তো তিনি অনন্য এক প্রতিভা। কলম্বিয়ার ফুটবল এতদিন পরিচিত ছিল কার্লোস ভালদেরামা, রেনে হিগুইতা আর রাদামেল ফ্যালকাওকে কেন্দ্র করে। জেমস রদ্রিগেজ যেন সাময়িক বিরতির পর ফুটে ওঠা এক পদ্ম। গোটা কলম্বিয়াই এই মুহূর্তে মেতে আছে তাদের এই ‘সূর্য-সন্তান’কে নিয়ে। পুরো বিষয়টিই যেন এমন, শেষ আটের লড়াইয়ে জিতি আর হারি, আমাদের রত্ন আমরা পেয়ে গেছি।

রদ্রিগেজকে নিয়ে গোটা কলম্বিয়া কীভাবে মেতে আছে তাঁর এক দারুণ উদাহরণ হতে পারে তাঁকে নিয়ে পপ-তারকা শাকিরা আর হলিউডি অভিনেত্রী সোফিয়া বের্গার মাতামাতি। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শাকিরা আর সোফিয়া, দু’জনেই স্তুতি গেয়েছেন রদ্রিগেজের। শাকিরা দারুণ উচ্ছ্বসিত প্রথমবারের মতো তাঁর দেশের শেষ আট নিশ্চিত হওয়ায়। কলম্বিয়ার কোয়ার্টার ফাইনালের পুরো কৃতিত্বই ‘ওয়াকা’ ‘ওয়াকা’ তারকা দিয়েছেন রদ্রিগেজকে, ‘আমরা শেষ আটে, জেমস তোমায় অভিনন্দন।’ রদ্রিগেজকে ‘বিশ্বের সেরা’ হিসেবে ঘোষণা দিয়েই দিয়েছেন এই ভূবনখ্যাত পপ-সম্রাজ্ঞী, ‘তুমিই এই মুহূর্তের বিশ্ব সেরা।’ সোফিয়ার টুইট-বার্তাও শাকিরার মতোই। তাঁরমতেও এই মুহূর্তে কলম্বিয়ার এই সাফল্যের পুরো কৃতিত্বই এই তরুণ রদ্রিগেজের।

মাদক আর মাফিয়াদের রাজ্য কলম্বিয়া পৃথিবীর গণমাধ্যমে বরাবরই এসেছে নেতিবাচক বিভিন্ন কারণে। রদ্রিগেজের জন্ম শহর মাদালিনে ঘটা কুড়ি বছর আগের এক বিয়োগান্তক ঘটনায় নড়ে বসেছিল গোটা ফুটবল-বিশ্ব। চুরানব্বইয়ের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক দুর্ভাগ্যের আত্মঘাতী গোল জীবন কেড়ে নিয়েছিল কলম্বিয়ান ফুটবল তারকা আন্দ্রেস এসকোবারের। ওই সময়ে রদ্রিগেজের বয়স মাত্র দুই। মাদক আর সন্ত্রাসের ওই শহরে বেড়ে ওঠা এই অসামান্য প্রতিভা যেন এসকোবারের নৃশংস মৃত্যুরই দারুণ এক প্রায়ঃশ্চিত্ত।