রদ্রিগেজ-ভিদালকে নিয়ে ধোঁয়াশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রদ্রিগেজ ও ভিদাল
রদ্রিগেজ ও ভিদাল

লুইস ফিগো, জিনেদিন জিদান, ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল...রিয়াল মাদ্রিদে আসা তারার মিছিলটা বেশ লম্বাই। সেই মিছিলে হামেস রদ্রিগেজ যোগ হতে পারেন বলে স্প্যানিশ প্রচারমাধ্যমে জোর গুঞ্জন। এ জন্য রিয়ালকে নাকি খরচ করতে হবে ‘মাত্র’ ৯ কোটি ইউরো! ৬ গোল করে বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন রদ্রিগেজ। কলম্বিয়ান প্লে-মেকারকে এই বিশ্বকাপেই চিনেছে সবাই। এর মধ্যেই বলেছিলেন, রিয়ালে যেতে পারলে সেটা হবে স্বপ্নপূরণের মতো। ওইটুকু ইশারাই যথেষ্ট ছিল রিয়ালের জন্য। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, রিয়াল ২৩ বছর বয়সী প্লে-মেকারকে আনার জন্য ৮ কোটি ইউরো খরচ করবে। কিন্তু মোনাকোর দাবি তার চেয়েও আরও ১ কোটি ইউরো বেশি। গত মৌসুমেই মাত্র রদ্রিগেজকে দলে নিয়ে আসে মোনাকো। খরচ করেছিল ৪ কোটি ৫০ লাখ ইউরো। রদ্রিগেজের জন্য বড় অঙ্ক চাইবে মোনাকো সেটা জানাই ছিল।
মোনাকোর কাছে রদ্রিগেজ যতটা মূল্যবান, জুভেন্টাসের কাছেও আর্তুরো ভিদাল তাঁর চেয়ে কম নয়। চিলির এই মিডফিল্ডারকে নিতে এবার উঠেপড়ে লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কথাবার্তাও অনেক দূর এগিয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যমের খবর। তবে জুভেন্টাস বারবার বলছে, ‘ভিদাল বিক্রির জন্য নয়। সে স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন। অনেকেই ওর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে, কিন্তু আমরা এখনো কারও সঙ্গে বসিনি। আর ভিদাল এর মধ্যেই দেখিয়েছে সে আমাদের হয়েই খেলতে চায়।’ গার্ডিয়ান, গোলডটকম।