রনির ৩ মুক্তিযোদ্ধার ৮
হ্যাটট্রিক করেছিলেন গত ফেডারেশন কাপেও, শেখ রাসেলের হয়ে। এবার জার্সি পাল্টেছেন। কিন্তু মুক্তিযোদ্ধার হয়েও প্রথম ম্যাচেই হ্যাটট্রিক মোহাম্মদ রনির। গ্রামীণফোন ফেডারেশন কাপে তাঁর দলও দুর্বল নৌবাহিনীকে উড়িয়ে দিল ৮-১ গোলে।আবাহনী-মোহামেডানের ঘর ভেঙে নবাগত শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মতো শক্তিশালী দল গড়েছে মুক্তিযোদ্ধাও। আবাহনীর বিপ্লব ভট্টাচার্য, রজনীকান্ত, জাহেদ পারভেজ, মতিউর মুন্নাদের সঙ্গে মোহামেডানের বুকোলা, পল, আরমান আজিজকে নিয়ে নতুন মুক্তিযোদ্ধা যে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নেমেছে, সেটা যেন বুঝিয়ে দিল প্রথম ম্যাচেই। গোলবন্যার ম্যাচেও কিন্তু গ্যালারিতে দর্শকখরা। বিনা টিকিটেই খেলা দেখা যাবে—বাফুফের এমন ঘোষণার পরও কাল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মেরেকেটে শ খানেক দর্শকও হলো না।মুক্তিযোদ্ধার সামনে খড়কুটোর মতোই উড়ে গেল নৌবাহিনী। কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় মিনিটে গোল, নতুন জার্সি গায়ে নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলার শুরুটা হলো দারুণ। প্রথমার্ধে ২-০-তে এগিয়ে থাকা মুক্তিযোদ্ধা দ্বিতীয়ার্ধে একেবারে ছেলেখেলা করল নৌবাহিনীকে নিয়ে। ৪৭ ও ৫২ মিনিটে পরপর দুই গোল করা রনি হ্যাটট্রিক পূর্ণ করলেন পেনাল্টি থেকে, ৫৭ মিনিটে। মারুফ দুটি, সুদানি স্ট্রাইকার মগা ও জাহেদ পারভেজের গোল একটি করে। পেনাল্টি থেকে ব্যবধান কমিয়েছেন মামুন।মৌসুমের প্রথম হ্যাটট্রিক-নায়ক রনি জানালেন নিজের লক্ষ্যের কথা, ‘এবার ২০টি গোল করতে চাই, গতবার করেছিলাম ১২টি।’ দিনের অন্য ম্যাচে জুয়েল রানার একমাত্র গোলে ফরাশগঞ্জ জিতেছে বিমান বাহিনীর বিপক্ষে।আজকের খেলা: আরামবাগ-বিকেএসপি, শেখ জামাল ধানমন্ডি-ইয়ংমেন্স ফকিরেরপুল (বিকেল ৩টা ও বিকেল ৫-৪৫ মি., বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর)।