রবসন-ইয়র্ক এবং ম্যানচেস্টার ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে সব সময়ই লেগে আছে হাসি, মাঠে নামলেই আবার প্রতিপক্ষের জন্য আতঙ্ক। তাঁর নাম হয়ে গিয়েছিল ‘স্মাইলিং অ্যাসাসিন’। ডুইট ইয়র্কের সেই বিখ্যাত হাসি দেখা গেল শুরুতেই। বনানী সোসাইটি মাঠের প্রবেশমুখের দুই পাশে জটাধারী ঢোলকদের দেখে মনে হয়, ভালোই মজা পেলেন ইয়র্ক। ব্রায়ান রবসনকে দেখে অনুভূতিটা বোঝা গেল না। তবে খানিক পর নিজের সংক্ষিপ্ত বক্তৃতা আর সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তরে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি বুঝিয়ে দিলেন, তাঁর রসবোধও কম নয়!ইউনাইটেডের সাবেক দুই তারকাকে এত কাছে পাওয়া গেল টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলের সৌজন্যে। এয়ারটেল আর ইউনাইটেডের বন্ধনের ঘোষণা এল কাল। ইউনাইটেডের টেলিকম পার্টনার এয়ারটেল, জনপ্রিয় দুই ‘ব্র্যান্ড’ এখন পথ চলবে পাশাপাশি। দুই প্রতিষ্ঠানের সংযুক্তিতে এয়ারটেল গ্রাহকেরা উপভোগ করতে পারবেন বিশেষ মোবাইল সেবা, ইউনাইটেডের সকার স্কুল প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ, ক্লাবের বিশেষ কিছু ম্যাচ দেখা—ভাগ্য আরেকটু ভালো হলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দেখার সুযোগ! এয়ারটেলের প্রধান নির্বাহী ক্রিস টবিট জানিয়ে দিলেন, ‘আমাদের সঙ্গে থাকুন, সুযোগ আসবে আরও...।’ম্যানচেস্টার ইউনাইটেডের দূত হিসেবে এসেছেন, তবে বেশি কথা বলতে হলো নিজেদের নিয়েই। দুজনের ক্যারিয়ারই যে নানা কীর্তিতে ভাস্বর! ইউনাইটেডের সর্বকালের সেরা ফুটবলারদের একজন রবসন, ১৯৮১ থেকে ১৯৯৪ পর্যন্ত রেড ডেভিলদের হয়ে খেলেছেন ৩৪৫ ম্যাচ। ক্লাবের সবচেয়ে দীর্ঘকালীন অধিনায়কও। বর্ণাঢ্য ক্যারিয়ার ইংল্যান্ড জাতীয় দলের হয়েও। ১৯৮২ বিশ্বকাপে ২৭ সেকেন্ডে করা তাঁর গোল (ফ্রান্সের বিপক্ষে) বিশ্বকাপের দ্রুততম গোল হিসেবে টিকে ছিল ২০ বছর। কোচিংয়ে এসে অবশ্য ততটা সফল হতে পারেননি, ছয় দফা ক্লাব কোচিংয়ের পর ২০০৯ সালে থাইল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন, পদত্যাগ করেছেন গত জুনে। এখন ফ্রি-ই আছেন, বাংলাদেশও একজন কোচ খুঁজছে। তবে কী...হাসির হুল্লোড় তোলা প্রশ্নের জবাবটাও রবসন দিলেন দারুণ, ‘কোচিংয়ে নেমে আমার চুল পাকতে শুরু করেছে। ও পথে তাই আপাতত নয়, দূতের কাজটাই আমি উপভোগ করছি।’পেশাদারি ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় ইয়র্ক কাটিয়েছেন অ্যাস্টন ভিলায়, তবে পরিচিত তিনি ইউনাইটেডের ইয়র্ক হিসেবেই। ওল্ড ট্রাফোর্ডের চার বছরই যে ছিল তাঁর ক্যারিয়ারের সেরা সময়! প্রথম মৌসুমেই ক্লাবের হয়ে জিতেছিলেন ট্রেবল, প্রথম বিদেশি হিসেবে জিতেছিলেন লিগের ‘গোল্ডেন বুট’। ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে রেকর্ড সাতবার বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছেন, খেলেছিলেন ২০০৬ বিশ্বকাপ চূড়ান্ত পর্বেও। বাংলাদেশে অবশ্য ইয়র্কের আরেকটা পরিচিতি আছে—ব্রায়ান লারার ঘনিষ্ঠ বন্ধু। সেই বন্ধুতার গল্প বলতে গিয়ে জানালেন নিজের অজানা এক অতীতও, ‘ছেলেবেলায় কিন্তু আমি আর ব্রায়ান (লারা) ফুটবল-ক্রিকেট দুটোই খেলতাম। উইকেটকিপার ও ওপেনিং ব্যাটসম্যান ছিলাম...’, কথা কেড়ে নিলেন পাশে বসা রবসন, ‘আমি কিন্তু শুধু ওল্ড ট্রাফোর্ড ফুটবল মাঠে নয়, ক্রিকেট মাঠেও খেলেছি। ক্লাইভ লয়েডের সঙ্গে একটা সেঞ্চুরি জুটি হয়েছিল আমার, যাতে লয়েডের ছিল ৮৬ রান, আমার ১৪!’তবে নিজেদের অস্তিত্ব চাপা পড়ে গেল খানিক পর, দুজন যখন একসঙ্গে তুলে ধরলেন গত মৌসুমে লিগ রেকর্ড গড়া ইউনাইটেডের ১৯তম শিরোপার ট্রফি। সাউন্ড সিস্টেমে তখন বাজছে, ‘গ্লোরি, গ্লোরি ম্যান ইউনাইটেড..!’