রবসনকে নিয়ে ‘অ্যাশেজ’ লড়াই
ইউরোপিয়ান ফুটবলে করা হয়েছিল ‘বসম্যান ট্রান্সফার’, ইংলিশ কাউন্টিতে ‘কলপ্যাক’ আইন। অস্ট্রেলিয়া এবার দেখাল ‘রবসন’ আইন। স্যাম রবসন নামের একজন ক্রিকেটারের জন্যই যে পাল্টে ফেলা হলো দীর্ঘদিনের এক আইন! আইনটা করা হলো আসলে মাঠের বাইরের এক ‘অ্যাশেজ’ জিততে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এই অ্যাশেজ রবসনকে দলে টানার। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান-এ এখন পর্যন্ত সর্বোচ্চ রান এই রবসনের। জন্ম, বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় হলেও এখন যাঁর বড় পরিচয় ব্রিটিশ। চার বছর ধরে ইংলিশ কাউন্টি খেলছেন মিডলসেক্সের হয়ে। সপ্তাহ দুয়েক আগে অর্জন করেছেন ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা। নিজেদের সম্পদকে হাতছাড়া হতে দেখে এরপরই তড়িঘড়ি ঘরোয়া ক্রিকেটের আইন বদলানোর সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার। কাল ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড সভায় পাসও হয়ে গেল তা—এখন থেকে দ্বৈত পাসপোর্টধারীরাও ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে একাধিক দেশে। বোর্ডের এই সিদ্ধান্ত যেন এই সময়েরই প্রতীকী ছবি। ভালো মানের একজন ব্যাটসম্যানের জন্য কতটা মরিয়া অস্ট্রেলিয়া!রবসনের বাবা অস্ট্রেলিয়ান হলেও মা ইংলিশ, নটিংহামের। রবসনের জন্ম, বেড়ে ওঠা সিডনিতে। নিউ সাউথ ওয়েলস অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ হয়ে খেলেছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলেও। ২০০৮ সালে পাড়ি জমান ইংল্যান্ডে। অস্ট্রেলিয়ার রাজ্য দলের চেয়ে ইংলিশ কাউন্টিতে খেলার সুযোগ বেশি, দলে ঢোকাও সহজ। জাতীয় দলের ক্ষেত্রে ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়ায় টাকা বেশি হলেও ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে ইংল্যান্ডে অর্থ ও ভবিষ্যৎ নিরাপত্তা বেশি। রবসন তাই চলে আসেন মায়ের দেশে। ২০০৯ সালে মিডলসেক্সের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। গত বছর ইতিহাস গড়েছেন ইংলিশ মৌসুমে সবার আগে সেঞ্চুরি করে। ইংল্যান্ডে মার্চ মাসে প্রথম শ্রেণীর সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান তিনিই! ২৪ বছর বয়সী ওপেনার এ মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচে ৫২.০৬ গড়ে তিন সেঞ্চুরিতে করেছেন ৯৯৩ রান। টেকনিক, টেম্পারামেন্ট, লম্বা সময় উইকেটে পড়ে থাকা, লড়াকু মানসিকতা মিলিয়ে তুলনা করা হচ্ছে তাঁকে মাইকেল আথারটনের সঙ্গে। অস্ট্রেলিয়ান টপ-অর্ডারের এখন যা অবস্থা, এমন একজন ব্যাটসম্যানকে তাদের লুফে নেওয়ার কথা। কিন্তু বাধা ছিল আইন। গতকালকের আগ পর্যন্ত বিদ্যমান আইন অনুযায়ী অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলতে হলে রবসনকে খেলতে হতো বিদেশি হিসেবে। ধারণা করা হচ্ছিল, আগামী বছরের শুরুর দিকে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন রবসন। কিন্তু হয়ে গেছে খানিকটা আগেই। মিডলসেক্স ও ইসিবি সম্প্রতি খোঁজখবর নেওয়ার পর গত ৩ আগস্ট আসে আনুষ্ঠানিক ঘোষণা। এরপরই টনক নড়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার। আগের আইনের কারণেই ইংলিশ কাউন্টির কাছে অস্ট্রেলিয়া হারিয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান ফিল জ্যাকস ও পেসার মাইকেল হগানকে। অস্ট্রেলিয়ার সেরা তরুণ ব্যাটসম্যান মনে করা হচ্ছিল যাঁকে, সেই স্যাম হেইন গত বছর ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন ওয়ারউইকশায়ারের সঙ্গে চুক্তি করে। ‘রবসন’ আইনের পর এখন তাঁরা সবাই আবার খেলতে পারবেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে।আগামী অস্ট্রেলিয়ান মৌসুমে নিউ সাউথ ওয়েলসের হয়ে রবসনের খেলা একরকম নিশ্চিত। সে ক্ষেত্রে অ্যাশেজ সফরে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলারও সম্ভাবনা আছে! তবে এখনই জাতীয় দলে ডাক পাওয়াকে ‘অবাস্তব’ জানিয়ে বলেছিলেন ‘কাছাকাছি এলেই কেবল ওই সেতু পার হব।’ মানে, সিদ্ধান্ত নেবেন সময় হলেই। প্রথম শ্রেণীর ক্রিকেট প্রশ্নে অবশ্য এ মৌসুমের শুরুতে বলেছিলেন, ‘স্কুল শেষ করেই আমি লন্ডনে চলে এসেছি। এখানে থাকতে, মিডলসেক্সের হয়ে খেলতে আমি ভালোবাসি। অস্ট্রেলিয়ায় প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগ সম্প্রতি টুকটাক এসেছে, কিন্তু সেটা করে মিডলসেক্সে আমার ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলতে চাই না।’ ওয়েবসাইট।তাঁর কারণেই আইন বদল, এখন নিশ্চয়ই আর সিদ্ধান্ত নিতে খুব একটা সমস্যা হবে না। কে জানে, হয়তো আগামী অ্যাশেজেই অ্যান্ডারসন-ব্রডদের বিপক্ষে ইনিংস ওপেন করবেন অস্ট্রেলিয়ার হয়ে!