রবসনকে পাশে চায় বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারটেলের আমন্ত্রণে ঢাকা এসেছেন। এই সুযোগে ব্রায়ান রবসনের সঙ্গে কাল সকালে দেখা করেছেন কাজী সালাউদ্দিন। রবসনের সঙ্গে সাক্ষাৎ শেষে বেশ উচ্ছ্বসিত বাফুফে সভাপতি, ‘তিনি আমাকে সাদর সম্ভাষণ জানিয়েছেন। আমার সম্পর্কে দেখলাম তাঁর জানা আছে। থাইল্যান্ডের কোচ থাকার সময় সে দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি ওয়াওয়ি মাকুদি সম্ভবত আমার কথা বলেছেন রবসনকে।’ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সেরাদের একজন ব্রায়ান রবসন। দলটির দূত হয়েই তাঁর ঢাকায় আসা। আগামী দিনেও আসতে পারেন বলে জানালেন সালাউদ্দিন, ‘মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল এটি। বাংলাদেশের ফুটবলে ম্যানইউ কোনোভাবে সহায়তা করতে পারে কি না, সেটি তাঁর কাছে তুলে ধরেছি। তিনিও আগ্রহ দেখিয়েছেন। আবারও বাংলাদেশ সফরে আসতে চান।’প্রাসঙ্গিকভাবেই আসছে প্রশ্নটা। ইউনাইটেডের সহায়তা পেতে পারে বাংলাদেশের ফুটবল? বাফুফে সভাপতি জানালেন বিস্তারিত, ‘আমরা সিলেট বিকেএসপিকে ফুটবল একাডেমিতে রূপান্তরিত করছি। তাতে ম্যানইউ টেকনিক্যাল সহায়তা করতে পারে কি না, বিবেচনার অনুরোধ করেছি রবসনকে। ঠিক কোচ নয়, তবে ট্রেনার এবং স্কাউটিং টিম দিয়ে সাহায্য করতে পারে ম্যানইউ। ইউনাইটেডের স্কাউটিং দল তো অসাধারণ। রবসন সহায়তার আশ্বাসের পাশাপাশি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।’আগামী এপ্রিলে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ। আবার নির্বাচিত হলে ইউনাইটেডকে জুলাইয়ে ঢাকা আনার অঙ্গীকার অনেক আগেই করেছেন সালাউদ্দিন। ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটা সফলভাবে আয়োজন নতুন ওই উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করেছে তাঁকে। রবসনের সঙ্গে আলোচনায় ইউনাইটেডকে ঢাকা আনার ব্যাপারটি অবশ্য ছিল না। সালাউদ্দিন বলেছেন, ‘প্রসঙ্গটা তুলিনি। কারণ, ম্যানইউকে আনার বিষয়টা রবসনের আওতার বাইরে।’