একটা জার্মান ছবি দেখেছিলাম, ইজ দ্য গোলকিপার এফরেইড অব দ্য গোল? এবারের বিশ্বকাপে ইংরেজ গোলরক্ষক রবার্ট গ্রিনের কাণ্ড দেখে সেই ছবিটির কথা মনে পড়ল। ছবিটিতে গোলরক্ষক ছিলেন একটি প্রতীকী চরিত্র মাত্র। আসলে ছবিটি ছিল জীবনযাপনের চাপ নিয়ে।গ্রিনের অংশ নেওয়া কথিত খেলাটি যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মধ্যে। ১২ জুন। খেলা ড্র হলো ১-১ গোলে। ১৯৫০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপে এই একই আমেরিকা শিরোপাপ্রত্যাশী ইংরেজদের হারিয়ে দিয়েছিল ১-০ গোলে। অনেকটা বাংলাদেশ যদি টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, সে রকম অবস্থা। ইংলিশ প্রেস টেলিপ্রিন্টারের খবরটা বিশ্বাস করতে না পেরে খবর ছাপাল, ইংল্যান্ড ১, আমেরিকা ০।ষাট বছর পরে ইংরেজরা আবার ঘায়েল হলো সেই আমেরিকার হাতেই। প্রথম চার মিনিটেই জেরার্ড গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে গেলেন। কিন্তু ৪০ মিনিটের সময় এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমেরিকার রক্ষণভাগের খেলোয়াড় ক্লিন্ট ডেম্পসি ২৫ গজ দূর থেকে শট নিলেন। গ্রিন বলটা দেখছিলেন, খেলোয়াড় এবং দর্শকেরাও দেখছিলেন, আর আমরাও টিভির পর্দায় দেখছিলাম। কিন্তু ও কি! বল যে গ্রিনের হাত ফসকে গোললাইন পার হয়ে ঢুকে গেল। বাথরুমের ফ্লোরে একটি ছুটন্ত তেলাপোকাকে স্যান্ডেল দিয়ে চেপ্টে দিলে তেলাপোকাটার যে অবস্থা হয়, গ্রিনসহ পুরো ইংরেজ জাতির যেন সে অবস্থা হলো। হয়তো দেখা যাবে, গ্রিনের এ মারাত্মক ভুলের জন্য ইংল্যান্ড প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে।ফরাসি নোবেলজয়ী সাহিত্যিক আলবেয়ার কাম্যু প্রথম জীবনে গোলরক্ষক ছিলেন। তিনি পরে বলেছিলেন, তাঁর সাহিত্য রচনার কৌশল তিনি গোলরক্ষার কায়দা-কানুন থেকে শিখেছিলেন। গ্রিনকে ১৮ জুন অনুষ্ঠিতব্য আলজেরিয়ার বিরুদ্ধে আর দলে রাখা হয়নি। ফলে গ্রিনের সাহিত্যিক হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল। পৃথিবীতে ইংলিশ মিডিয়ার মতো ক্ষমাহীন মিডিয়া আর নেই। ডেইলি মেইল গ্রিনের বল ফসকানোটির ভিডিও ছোট ছোট ইমেজে ভাগ করে দেখিয়েছে, এ রকম ভুল স্কুলের গোলরক্ষকও করে না। আরেকটি পত্রিকা বলেছে, গ্রিনের সৌভাগ্য হলো, তিনি এখন গ্যারেথ সাউথগেইট, ক্রিস ওয়াডল, স্টুয়ার্ট পিয়ার্সের সঙ্গী হতে পারবেন। এ তিনজনই ইংল্যান্ডের পক্ষে বিশ্বকাপের নানা পর্যায়ে পেনাল্টি মিস করেছিলেন। পরে এ তিনজনই একত্রে ‘পিৎজা হাট’ নামক বিখ্যাত ফাস্টফুড চেইনের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন।ম্যারাডোনার ১৯৮৬ সালের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলটিকে যেমন ‘হ্যান্ড অব গড’ গোল বলা হয়, ফ্রান্সের ফরোয়ার্ড থিওরি অঁরির বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে করা গোলকে যেমন ‘হ্যান্ড অব ফ্রগ’ গোল বলা হয়, তেমনি গ্রিনের হাতকে বলা হচ্ছে ‘হ্যান্ড অব ক্লড’ বা ‘কাদার হাত’। ইংলিশ মিডিয়া আর কাকে বলে!এ নিয়ে মোট ছয়বার ইংল্যান্ডের গোলরক্ষকেরা দেশকে ডুবিয়েছেন। এর একটি হলো ২০০২ সালে ব্রাজিলের রোনালদিনহো প্রায় মাঝমাঠ থেকে একটি ফ্রি-কিক নিলেন। সেটি উড়তে উড়তে এসে অপেক্ষমাণ গোলরক্ষক সিমন্সকে বোকা বানিয়ে জালে ঢুকে যায়।তখনো ইংলিশ মিডিয়া বলটির কোম্পানিকে দায়ী করেছিল এই বলে যে বলটির হয়তো ওজনে গন্ডগোল ছিল। এবারও তারা যেমন গ্রিনের মুণ্ডুপাত করছে, তেমনি সঙ্গে সঙ্গে অ্যাডিডাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে ‘জাবুলানি’ নামক বলটিতে কোনো গন্ডগোল থাকতে পারে। অ্যাডিডাস সঙ্গে সঙ্গে কড়া জবাব দিয়ে বলেছে, এ পর্যন্ত ২০১০-এর বিশ্বকাপে গোলরক্ষকেরাই ভালো খেলছে। আর্জেন্টিনার বিরুদ্ধে নাইজেরিয়ার গোলকিপার ভিনসেন্ট ইনেমা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মেসিকে রুখে দেওয়ার জন্য। আর গ্রিনের প্রতিপক্ষ আমেরিকার গোলরক্ষক টিম হাওয়ার্ডও ইংরেজ ফরোয়ার্ডদের রুখে দেওয়ার জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।তবে গ্রিনের বাবা স্টিভেন গ্রিনকে সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন যে তিনি ছেলেকে নিয়ে গর্বিত কি না। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ‘অবশ্যই, কী মনে করেন আপনি! বাপ কা ব্যাটা!’