রবার্ট ‘লন্ডভন্ডস্কি’!
এক-দুই-তিন-চার। যেন চারের ঘরের নামতা শেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোদের! ততক্ষণে রিয়াল মাদ্রিদ যেন প্রচণ্ড ঝড়ে লন্ডভন্ড এক জনপদ। যে ঝড়ের নাম রবার্ট লেভানডফস্কি। গুনে গুনে ৪ গোল, সেটিও রিয়ালের মতো প্রতিপক্ষ আর সেমিফাইনালের মতো এক ম্যাচে। পরশু রাতের পর ফুটবল-বিশ্বের আনাচকানাচে হয়তো ছড়িয়ে গেছে তাঁর নাম। হয়তো কি, নিশ্চয়ই গেছে। সেমিফাইনালে ৪ গোল—এই কীর্তি যে এর আগে করতে পারেননি কেউই!তবে মাঠে তাঁর উদ্যাপনভঙ্গির মতোই মাঠের বাইরেও বড্ড সাদামাটা ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলার পরও পরশু ম্যাচটিকে নিজের সেরা বলতে রাজি হলেন না। সবচেয়ে বড় কথা তিনি একাই রিয়ালকে উড়িয়ে দিয়েছেন—এই কথাটাই উড়িয়ে দিলেন। ‘পোলিশ ফুটবলের ভবিষ্যৎ’ লেভানডফস্কি ম্যাচ শেষে বলেছেন, ‘এই ম্যাচে আমি বেশ আত্মবিশ্বাসী ছিলাম। তবে এমন অনেক ম্যাচ আছে যেগুলোতে এর চেয়ে ভালো খেলেছি। এই ম্যাচে আমার কার্যকারিতা ছিল শতভাগ, কিন্তু এর চেয়েও বেশি দিয়েছি এমন অনেক ম্যাচও তো আছে।’নিজের অবিশ্বাস্য কীর্তিটাও আড়াল করলেন এই বলে, ‘চার গোল করতে পেরে খুশি, কিন্তু এর চেয়েও বড় ব্যাপার হলো ফাইনালে পৌঁছানো। শুধু এটাকেই গুরুত্ব দেওয়া উচিত। প্রথমার্ধে রিয়াল ভালো খেলেছে, কিন্তু দ্বিতীয়ার্ধে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা খুবই তৃপ্ত।’ যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুন, এটা যে বিশেষ একটা কীর্তি, সেটা তো নিজেও বুঝছেন। বুঝছেন বলেই তা উৎসর্গ করলেন প্রয়াত বাবার উদ্দেশে।২০০৮ সালে ডাচ কোচ লিও বেনহ্যাকারের সময় আন্তর্জাতিক অভিষেক। সান মারিনোর মতো দুর্বল প্রতিপক্ষ হলেও অভিষেকেই গোল তো বলার মতোই ব্যাপার। বেনহ্যাকার সে সময় বলেছিলেন, পোলিশ ফুটবলের পুনর্জন্ম হবে তাঁর মাধ্যমেই। সেই ভবিষ্যদ্বাণী প্রমাণের পথেই যেন এগিয়ে চলেছেন লেভানডভস্কি। সেই ভবিষ্যতের গতিপথ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা ভবিষ্যৎই বলবে। তবে আপাতত তাঁকে নিয়ে অন্য রকম এক দুশ্চিন্তায় বরুসিয়া ডর্টমুন্ড। আগের মৌসুমে ৪৭ ম্যাচে ৩০ গোল করেছেন। এবার ৪৩ ম্যাচে গোল ৩৫টি। গড়েছেন বুন্দেসলিগায় টানা ১২ ম্যাচে গোলের রেকর্ড। গত ১৯ ম্যাচে ২১ গোল করা লেভানডফস্কির ওপর স্বাভাবিকভাবেই চোখ পড়েছে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। আগামী বছর ডর্টমুন্ডের সঙ্গে চুক্তির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। যে মেয়াদ বাড়াতে এখনো রাজি হননি তিনি।ডর্টমুন্ড এরই মধ্যে তাদের এক তরুণ প্রতিভা মারিও গোটশেকে ছেড়ে দিচ্ছে বায়ার্ন মিউনিখের কাছে। হয়তো ধরে রাখতে পারবে না লেভানডফস্কিকেও। কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য আশাবাদী তাঁকে ধরে রাখার ব্যাপারে, ‘রবার্ট তাড়ার মধ্যে আছে এমনটা আমার মনে হয় না। আর আমরাও ওকে অন্য কোথাও পাঠিয়ে দিতে চাই না। দেখা যাক কী হয়।’ ক্লপকে নিয়েও তো চলছে কানাঘুষা। খোদ রিয়াল মাদ্রিদই তাঁর ব্যাপারে আগ্রহী বলে খবর। কী হবে বলা কঠিন। তবে একটা জিনিস নিশ্চিত, ডর্টমুন্ডের ইতিহাসে থেকে যাবে লেভানডফস্কির এই কীর্তি। ক্লপ যেমন বলেছেন, ‘এই পারফরম্যান্স অবশ্যই ইতিহাসে জায়গা পাবে। বরুজিয়ামে (ক্লাবের জাদুঘর) এমন অনেক ফিল্ম আছে। লেভার ৪ গোলও সেখানে শিগগিরই খুঁজে পাবেন।’ রয়টার্স, ওয়েবসাইট।