রবার্তো ব্যাজ্জিওর অন্য পরিচয়
ফুটবলার হিসেবেই খ্যাতি কুড়িয়েছেন ইতালির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেমেকার রবার্তো ব্যাজ্জিও। ১৯৯৩ সালে পেয়েছিলেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব। ১৯৯৪ সালের বিশ্বকাপে তাঁর অসাধারণ নৈপুণ্যেই ইতালি পৌঁছেছিল বিশ্বকাপের ফাইনালে। কিন্তু ফুটবলের বাইরেও আরেকটি পরিচয় আছে ব্যাজ্জিওর। দীর্ঘদিন ধরেই মানবাধিকার সমুন্নত রাখার লড়াই আর বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ইতালির এই কিংবদন্তি ফুটবলার। আর তাঁর এই কাজের স্বীকৃতিস্বরুপ এ বছরের পিস সামিট পুরস্কার জিতেছেন তিনি। শান্তিতে নোবেল পুরস্কার জয়ীদের বিশেষ একটি সংগঠন থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।বিগত বছরগুলোতে এই পুরস্কার জিতেছিলেন ব্রিটিশ সুরকার পিটার গ্রাবিয়েল, আমেরিকার অভিনেতা জর্জ ক্লুনি, ডন চেডলি, ইতালিয়ান পরিচালক রবার্তো বেনিজনি। এ বছর বার্ড ফ্লু মোকাবিলা, হাসপাতাল প্রতিষ্ঠা, ভূমিকম্প বিধ্বস্ত হাইতির জন্য অর্থ সংগ্রহ এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মুক্তির লক্ষ্যে কাজ করার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে ব্যাজ্জিওকে।আগামী শুক্রবার জাপানের হিরোশিমায় ব্যাজ্জিওর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় পারমাণবিক বোমায় নিহতদের স্মরণে সে সময় এই নারকীয় হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শীদের দেওয়া হবে এক বিশেষ পুরস্কার। নোবেল পুরস্কার বিজয়ী তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা, পোল্যান্ডের লেস ওয়ালেসা, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। টাইমস অব ইন্ডিয়া।