রবিনহো-জাদুতে ব্রাজিলের জয়
লন্ডন থেকে দুই ধরনের অনুভূতি নিয়ে ফিরেছেন কার্লোস দুঙ্গা। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়টা যেমন সুখের একটা অনুভূতি ছড়িয়ে দিয়েছে ব্রাজিলিয়ান কোচের মনে, তেমনি কাঁটা হয়ে খোঁচাচ্ছে প্রথমার্ধে দলের বিবর্ণ হয়ে থাকাটাও। প্রথমার্ধটুকু বাদ দিলে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে পরশুর ম্যাচে বাকি যা হয়েছে, তাতে দুঙ্গা খুশিই। তাঁর সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা রবিনহোর দুর্দান্ত প্রত্যাবর্তনে। প্রথমার্ধে আইরিশ ডিফেন্ডার অ্যান্ড্রুসের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানো গোলটি করেছেন রবিনহো। এএফপি, ওয়েবসাইট।চোট আর বাজে ফর্ম মিলিয়ে ম্যানচেস্টার সিটিতে সময়টা ভালো যাচ্ছিল না রবিনহোর। শেষে তাঁকে ধারে খেলতে ব্রাজিলেই পাঠিয়ে দেয় ম্যানসিটি। নিজের পুরোনো ক্লাব সান্তোসের পরিচিত আবহই হয়তো ফিরিয়ে এনেছে সেই পুরোনো রবিনহোকে। ওই যাওয়ার পর পরশুই প্রথম ফিরলেন ইংল্যান্ডে। সেই ফেরাটা স্মরণীয় করে রাখলেন দারুণ এক গোল দিয়ে। ম্যাচ শেষে রবিনহো জানিয়েছেন, খুব খুশি তিনি। আর কোচ দুঙ্গা মেতেছেন রবিনহো-বন্দনায়, ‘রবিনহো এমন একজন, যে কি না জাতীয় দলের জন্য সব সময়ই দরদ অনুভব করে। ও-ই আজ (মঙ্গলবার) ছিল নির্ধারক। আমি গত বছরের হাইলাইটসের দুটি ফিল্ম দেখেছি। তার ৭০ ভাগ জুড়েই রবিনহো। কিন্তু বছর শেষে মানুষ ওর সমালোচনাটাই বেশি করেছে। সবারই খারাপ সময় যেতে পারে। ওই সময়টাতেই বরং বেশি অনুপ্রেরণা জোগানো উচিত। কারণ সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ।’খেলা শেষের মিনিট তিনেক আগে রবিনহো যে গোলটি করলেন, সেটি ব্রাজিলীয় ফুটবলের আদর্শ এক উদাহরণ। ২২ পাসের এই গোলটিতে রবিনহোর কাছে বল যাওয়ার আগে কাকা-গ্রাফিতের ব্যাক ফ্লিক চোখ ধাঁধিয়ে দিয়েছে দর্শকদের। কাকার ব্যাক ফ্লিকেই বল গেছে রবিনহোর কাছে। ব্রাজিলের পরশুর প্রতিপক্ষ আয়ারল্যান্ডের ইতালিয়ান কোচ ত্রাপাত্তোনিও ব্রাজিলের দ্বিতীয়ার্ধের খেলায় মুগ্ধ, ‘তাদের সৃষ্টিশীল খেলোয়াড় আছে। আমার মনে হয় বিশ্বকাপে তারা অনেক দূর যাবে। সম্ভবত ফাইনাল পর্যন্তই।’