রবির সকালে বৃহস্পতির ছায়া
অভিশপ্ত বৃহস্পতিবার! অস্ট্রেলিয়া ওপেনের আজকের চূড়ান্ত ম্যাচটির আগে এই একটি কথাই ঘুরে ফিরল রড লেভার অ্যারেনায়। বৃহস্পতিবার কি আসলেই অলক্ষুনে?পরিসংখ্যান তা-ই বলছে। গত তিনটি অস্ট্রেলিয়ান ওপেনের কথা ধরুন। পুরুষ এককের বৃহস্পতিবারের সেমিফাইনাল খেলে ফাইনালে উঠেছিলেন জো-উইলফ্রায়েড সোঙ্গা, রজার ফেদেরার আর অ্যান্ডি মারে। তিনজনই কিন্তু ফাইনালে গিয়ে হেরে গেছেন। অথচ এই তিনজনই রোববারের ফাইনালের আগে পেয়েছিলেন বাড়তি এক দিনের বিশ্রাম।ব্রিটিশদের সম্মিলিত প্রার্থনা তাই থাকবে, গত তিন বছরের ধারা যেন এবারও অনুসরণ করে অস্ট্রেলিয়ান ওপেন। তাহলেই ঊনশতাব্দীর অপেক্ষার অবসান হয়। আজকের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে শিরোপা জেতেন অ্যান্ডি মারে!জোকোভিচের কানে কথাটি উঠতে তিনি হেসেই উড়িয়ে দিলেন, ‘দ্বিতীয় সেমিফাইনাল যে খেলবে, সে-ই শিরোপা জিতবে, এটা তো কোথাও লেখা নেই। সাম্প্রতিক তথ্য হয়তো সেদিকেই ইঙ্গিত করছে। কিন্তু টুর্নামেন্টের এই পর্যায়ে এসে আপনি যতগুলো ম্যাচ খেলেছেন, যতটা সময় কোর্টে কাটিয়েছেন, তাতে কিন্তু এক দিনের বাড়তি বিশ্রামেই ছন্দ হারিয়ে ফেলার কথা নয়। বরং কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ঘাম ঝরানো ম্যাচ খেলার পর এক দিন বেশি বিশ্রাম পাওয়া ভালোই। আমি তাই এটিকে ইতিবাচক হিসেবেই দেখছি।’তবে জোকোভিচ উল্টো মনে করিয়ে দিলেন, আজ ‘ইতিহাস’ চাপ হয়ে যাবে মারের জন্য। যুক্ত হবে ব্রিটিশদের আকাঙ্ক্ষার চাপও, ‘ব্রিটিশ বলে মিডিয়ার যে চাপ ওকে সামলাতে হয়, সেটি ওর জন্য খুবই কঠিন।’আসলেই তাই। আরেকজন ফ্রেড পেরির সন্ধানে তো ব্রিটিশদের ৭৫ বছর কাটিয়ে দিতে হলো। এই ২৩ বছর বয়সী হয়তো সেই চাপের কারণে একটা পর্যায়ে গিয়ে আর পারেন না। দুবার উইম্বলডনের ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও উঠেছিলেন। ফাইনালে তাঁকে দেখা গেছে গত অস্ট্রেলিয়ান ওপেনেও, রজার ফেদেরারের কাছে যেখানে হেরেছেন সরাসরি সেটে।কিন্তু চাইলে তো আর চাপের মেঘ তাড়িয়ে দেওয়া যায় না। এই নিয়তি মেনে নিয়েছেন মারে। নিয়েই বলছেন, ‘আমার জন্য এটা কঠিন। কিন্তু সব মিলে আমি মনে করি, এটা আমাকে আরও ভালো খেলোয়াড়, মানসিকভাবে আরও দৃঢ় হতেই সাহায্য করেছে। শীর্ষ পর্যায়ে খেলতে গেলে আপনাকে কিন্তু এসব অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতেই হবে। আশা করি, রোববার এই অভিজ্ঞতা আমার পক্ষেই যাবে।’মানসিক দৃঢ়তার প্রসঙ্গ এলে অনেকেই মনে করিয়ে দিতে চান ১৯৯৬ সালে স্কুলপড়ুয়া মারের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা, যেদিন স্কুলে খ্যাপাটে খুনির হাতে মারা গিয়েছিল ১৫ শিশু। বেঞ্চের তলায় লুকিয়ে বেঁচে গিয়েছিলেন মারে।মৃত্যুকে এত কাছ থেকে দেখার সেই অভিজ্ঞতা যাঁর সেই শৈশবেই হয়েছে, তাঁর জন্য কিসের ভয়! এএফপি।