রবীন্দ্রনাথ ও বিশ্বকাপ ফুটবল

- আচ্ছা, তোর কি মনে হয় রবীন্দ্রনাথ বেঁচে থাকলে এই বিশ্বকাপ ফুটবলে কোন দল সাপোর্ট করতেন?
- আরে, কবি গুরু রবীন্দ্রনাথ ফুটবল খেলা পছন্দ করতেন কি না, তার কোনো ঠিক আছে?
- আরে না, উনি অবশ্যই পছন্দ করতেন।
- তুই কীভাবে জানলি?
- উনার একটা কবিতা আছে না ‘বল দাও মোরে বল দাও...’ আমার মনে হয় উনি ফুটবল খেলেছেনও এবং স্ট্রাইকার পজিশনে খেলেছেন। নইলে বল চাইবেন কেন?’
- আরে, কী পাগল-ছাগলের মতো কথা বলছিস; উনি বল চেয়ে কবিতা লিখেছেন, ফুটবল তো আর চাননি। হয়তো টেনিস বল চেয়েছেন কিংবা টেবিল টেনিস বল।
- কাপড় ধোয়ার বলও চাইতে পারেন। পাশ থেকে আরেকজন মন্তব্য করে।
এই গুরুগম্ভীর আলোচনা চলছিল কয়েকজন রবীন্দ্র-ভক্তের মধ্যে একটা চায়ের টংয়ে...এর মধ্যে আরও একজন রবীন্দ্র-ভক্তের অনুপ্রবেশ ঘটল। সে তাদের আলোচনা মনোযোগ দিয়ে শুনে বলল, ‘না, আমি তোদের সঙ্গে একমত হতে পারছি না...দ্বিমত প্রকাশ করছি।’
- কী রকম?
- আমার বিশ্বাস, রবীন্দ্রনাথ ফুটবল খেলেননি। তবে এটা নিশ্চিত যে তিনি একজন ভালো ফুটবল দর্শক ছিলেন।
- কীভাবে বুঝলি?
- কেন, তাঁর গান থেকে।
- গান থেকে? কোন গান??
- ওই যে তাঁর একটা গান আছে না, ‘কেন যামিনী না যেতে জাগালে না বেলা হল মরি লাজে...’
- কী বলছিস, এর সঙ্গে তাঁর ফুটবল দর্শক হওয়ার মানে কী?
- বাহ! তা-ও বুঝলি না? বিশ্বকাপের প্রতিটা গুরুত্বপূর্ণ খেলাই হয় রাতে... হয়তো কোনো একটা খেলা রাতে উনি মিস করেছিলেন...মানে ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন ঘুম থেকে উঠে ওই গান লেখেন... ‘কেন যামিনী না যেতে জাগালে না বেলা হল মরি লাজে...’
- ঠিক ঠিক...আরেকজন সায় দেয়। কোনো গুরুত্বপূর্ণ খেলায় তাঁর স্ত্রী মৃণালিনী হয়তো তাঁকে ডাকেননি। ঘুম থেকে উঠে তিনি এ রকম একটা খেলা মিস করে লজ্জায় ওই কবিতা, মানে গানটা রচনা করেন।
- আচ্ছা, তোর কি মনে হয় উনি কোন খেলাটা মিস করে ওই গান লেখেন?
- খুব সম্ভব কোয়ার্টার ফাইনাল।
- কীভাবে বলছিস?
- আরে, ফাইনাল খেলা মিস করলে ওই রকম আবেগ দিয়ে নরম কবিতা না লিখে নজরুলের মতো গরম কবিতাই লিখতেন...
- এর মানে তো আমাদের বিদ্রোহী কবি সব খেলাই মিস করেছেন। তাঁর সব কবিতাই তো বেশ গরম...
- ধুত্, কীসের মধ্যে কী? পান্তা ভাতে বাটার অয়েল। আমরা রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করছি, এর মধ্যে তুই বিদ্রোহী কবিকে কেন টেনে আনলি?
- বাহ, আমাদের জাতীয় কবিকে নিয়ে বলব না?
- আচ্ছা, কবি নজরুল যদি বেঁচে থাকতেন তাহলে কাকে সাপোর্ট করতেন? আরেকজন প্রশ্ন করে বসে।
- এ তো সোজা, ব্রাজিল।
- কেন, ব্রাজিল কেন?
- কারণ, কাজী নজরুল একটু বিএনপি মাইনডেন্ট ছিলেন। তাঁর একটা কবিতা আছে না ‘...আমরা ছাত্র দল’। ছাত্রদল নিয়ে কাব্য রচনা করেছেন, তার মানেই তিনি ব্রাজিল।
- এটা কোনো যুক্তি হলো? ছাত্রদল করলেই ব্রাজিল হবে কেন?
- আমি বিএনপির নেতা ফালুর এক সাক্ষাত্কার পড়েছিলাম। তাঁদের দেশনেত্রী খালেদা জিয়া ব্রাজিলের সাপোর্টার। তার মানে বুঝতেই পারছিস নজরুলও...
বিদ্রোহী কবি নজরুল নিয়ে কিছুক্ষণ আলোচনার পর টং আলোচকেরা আবার রবীন্দ্রনাথে ফিরে আসে।
- আচ্ছা, তুই বললি রবীন্দ্রনাথ ফুটবলের ভালো দর্শক ছিলেন, মানলাম।
- এতে মানামানির কী আছে...তার ওই ‘কেন যামিনী না যেতে...’ এই গানই তো এভিডেন্স।
- আচ্ছা, তাহলে উনি আমাদের মতো তাঁর শান্তিনিকেতনে ব্রাজিল বা আর্জেন্টিনার ফ্লাগ লাগাতেন?
- সেটা অবশ্য বলা মুশকিল।
এটা নিয়ে তুমুল তর্ক শুরু হয়ে গেল। একদল বলল, ফ্লাগ লাগাতেন, একদল বলল, লাগাতেন না। এ নিয়ে হাউকাউ শুরু হয়ে গেল। এর মধ্যে রঙ্গমঞ্চে আবির্ভাব ঘটল এক বৃদ্ধ ফ্লাগ ফেরিওয়ালার। তাঁর কাধের বাঁশে সব দেশের পতাকা উড়ছে। তিনি বললেন, ‘বাজানরা, ফ্লাগ কিনেন, পানির দরে ছাড়ছি ...’
- হোয়াট? পানির দরে ছারছ মানে? একজন খেপে ওঠে। ‘আরেক দেশের ফ্লাগ তুমি পানির দরে ছাড়ো কীভাবে? ফাজলামো পাইছ? ফ্লাগের মূল্য বোঝো??
বৃৃদ্ধ ফ্লাগওয়ালা দীর্ঘ শ্বাস ছেড়ে বির বির করে বলেন, ‘মূল্য বুঝি বাজান... নিজের দেশের ফ্লাগের লাইগা জীবন বাজি রাইখা যুদ্ধ কইরা সব খোয়াইছি... কিছু পাই নাই। এহন অন্য দেশের ফ্লাগ কাঁধে নিয়া ঘুরি!’ বলেই তিনি হাঁটা দেন।