রমিজও চান লাই-ডিটেক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিভ ওয়াহ বলেই যাচ্ছেন। কিন্তু এ নিয়ে আইসিসি কিংবা ক্রিকেট বোর্ডগুলোর খুব একটা উৎসাহ দেখা যাচ্ছে না। তবে ক্রিকেটে মিথ্যা নির্ণয়যন্ত্র বা লাই-ডিটেক্টর ব্যবহারের ব্যাপারে সাবেক অস্ট্রেলীয় অধিনায়কের ধারণাটির বড় সমর্থক পাওয়া গেল। রমিজ রাজাও বলছেন, দ্বৈবচয়ন ভিত্তিতে লাই-ডিটেক্টরের সামনে আনা উচিত ক্রিকেটারদের।খেলাধুলা থেকে ডোপিং নির্মূল করতে দ্বৈবচয়ন ভিত্তিতে খেলোয়াড়দের ডোপ টেস্ট হয়ে থাকে। ক্রিকেটেও তা-ই হয়। একই পদ্ধতিতে এবার খেলোয়াড়দের মিথ্যা নির্ণয়যন্ত্রের সামনে দাঁড় করানোর কথা বলছেন রমিজ, ‘ডোপ টেস্টের মতো আইসিসির অবশ্যই দ্বৈবচয়ন ভিত্তিতে লাই-ডিটেক্টর পরীক্ষা চালু করা উচিত। আমরা জানতেই পারি না ডোপ টেস্টের মুখোমুখি হচ্ছে কে। একইভাবে লাই-ডিটেক্টর পরীক্ষাও শুরু করা যেতে পারে। যখন কেউ ডোপ টেস্টে ধরা পড়ে, আমরা তখনই তার নাম জানি। এই পর্যায়ে লাই-ডিটেক্টর পরীক্ষা অনেকের কাছে একটু অন্য রকম লাগতে পারে। তবে আমাদের এটি গ্রহণ করার সময় এসে গেছে।’স্পট ফিক্সিংয়ে জড়ানো তিন পাকিস্তানি ক্রিকেটারের বিচার চলছে লন্ডনে। সেখানকার আদালতে শুনানি চলার সময় বাজিকর মাজহার মাজিদের রেকর্ড করা টেপ থেকে অনেক চমকে দেওয়া তথ্য উঠে এসেছে। মাজিদ বলেছেন, রিকি পন্টিং, ব্রেট লিসহ অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার স্পট ফিক্সিং করে। ভারতের হরভজন সিং ও যুবরাজ সিংয়ের নামও বলেছেন। বলেছেন ইমরান খান, জিওফ বয়কট তাঁর ভালো বন্ধু। এসব খবর প্রকাশ হওয়ার পর স্টিভ নতুন করে তাঁর লাই-ডিটেক্টর তত্ত্ব নিয়ে এসেছেন আবার। সেটিকেই সমর্থন দিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। ওয়েবসাইট।