রশিদ লতিফ আসলেই অন্য রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রশিদ লতিফ
রশিদ লতিফ

ক্রিকেট-দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সোচ্চার তিনি। বরাবরই উচ্চকণ্ঠে ক্রিকেটে শুদ্ধিকরণের কথা বলে আসছেন। রশিদ লতিফ ন্যায়ের পক্ষে তাঁর শক্ত অবস্থান জানান দিলেন আরও একবার। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, দুর্নীতিতে জড়িত ছিলেন, এমন সাবেক খেলোয়াড়দের সঙ্গে কাজ করা সম্ভব নয় বলেই ফিরিয়ে দিয়েছেন পিসিবির প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব।
গত ফেব্রুয়ারিতে আজহার খানের জায়গায় প্রধান নির্বাচক হিসেবে রশিদ লতিফের নাম ঘোষণা করে পিসিবি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পিসিবির প্রস্তাবে খুশি মনে রাজি হলেও গত সপ্তাহে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন তিনি। দুই দশক ধরে দুর্নীতি, ম্যাচ ফিক্সিং আর স্পট ফিক্সিং আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে পাকিস্তানের ক্রিকেটকে। আর রশিদ লতিফ বরাবরই এসবের বিরুদ্ধে। পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিংয়ের অন্ধকার জগতে জড়িত থাকার বিষয়টি ১৯৯৪-৯৫ সালে আলোয় এনেছিলেন তিনিই।
সেই লতিফ এত দ্রুত নিজের বিবেকের সঙ্গে আপস করে ফেলবেন, তাই কি হয়! এএফপিকে সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান বলেছেন, ‘আমি আমার নীতিতে অটল। এই নীতির কারণেই অতীতে ম্যাচ ফিক্সিংয়ের জন্য শাস্তি পেয়েছে এমন ক্রিকেটারদের সঙ্গে আমি কাজ করতে পারি না।’
কারও নাম না বললেও লতিফের তিরটা সম্ভবত পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদের দিকেই। পিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির কোনো একটা দায়িত্ব নিতে মুশতাককে প্রস্তাব দিয়েছে, কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। অথচ এই মুশতাক সেই ছয় সাবেক পাকিস্তানি ক্রিকেটারের একজন, লতিফের অভিযোগের ভিত্তিতে ২০০০ সালের মে মাসে যাঁদের জরিমানা করেছিল মালিক কাইয়ুম কমিশন। ভবিষ্যতে মুশতাককে যাতে পাকিস্তান দল বা বোর্ডের কোনো দায়িত্ব দেওয়া না হয়, সেই সুপারিশও করেছিলেন লাহোর হাইকোর্টের বিচারক মালিক কাইয়ুম। একই রকম পরামর্শ ছিল আইসিসিরও। তবে সেটির তোয়াক্কা না করে ২০১০ সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শাস্তি পাওয়া মুশতাককে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবির সিদ্ধান্তে লতিফের বলার কিছু না-ই থাকতে পারে, কিন্তু পিসিবির প্রতি তাঁর পরামর্শ—দুর্নীতির প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া উচিত নয়। ‘অতীতে সন্দেহভাজন ছিল বা শাস্তি পেয়েছে এমন কোনো ক্রিকেটারের কোনোভাবেই পিসিবির সঙ্গে কোনো কাজের সম্পর্ক থাকতে পারে না। যখন শুনলাম পিসিবি এ রকম একাধিক খেলোয়াড়কে চাকরির প্রস্তাব দিয়েছে, নিজেকে সরিয়ে আনি আমি’—বলেছেন পাকিস্তানের হয়ে ৩৭টি টেস্ট ও ১৬৬টি ওয়ানডে খেলা লতিফ। এর আগে তিনি ফিরিয়ে দিয়েছিলেন পিসিবির দুর্নীতিবিরোধী বিভাগের প্রধান হওয়ার প্রস্তাবও, ‘আমি পাকিস্তানের ক্রিকেটকে এসব থেকে মুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু কিছু অবাঞ্ছিত লোকজনকে সেখানে দেখার পর আমি প্রস্তাবটা ফিরিয়ে দিই।’
১৯৯৪-৯৫ মৌসুমের পর থেকে কোনো না কোনো ফিক্সিং কেলেঙ্কারিতে সব সময়ই জড়িয়েছে পাকিস্তানের ক্রিকেট। এখন যেমন স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ আছেন সালমান বাট, মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ আমির। এ ছাড়া ২০১২ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ইসিবি আজীবন বহিষ্কার করেছে আরেক পাকিস্তানি লেগ স্পিনার দানিশ কানেরিয়াকে। এএফপি।