রশিদ লতিফের অদ্ভুত দাবি
ক্রিকেটে আফগানিস্তানের উন্নতিটা চোখে পড়ার মতোই। এশিয়ান গেমস ক্রিকেটে কাল হংকংকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আরও একবার ক্রিকেটে নিজেদের আগমনধ্বনি জানাল আফগানরা। কিন্তু সেটা কি এতটাই সশব্দে যে, বাংলাদেশের চেয়েও আফগানিস্তানকে ভালো দল বলে দাবি করবেন তাদের পাকিস্তানি কোচ রশিদ লতিফ!গুয়াংজুতে হংকংকে মাত্র ৬৩ রানে অলআউট করে দিয়ে ১৪তম ওভারেই ম্যাচ জিতে নিয়েছে আফগানিস্তান। উঠে গেছে সেমিফাইনালে। যেখানে আজ তাদের প্রতিপক্ষ পাকিস্তান, যেটিতেও জয় দেখছেন রশিদ লতিফ, ‘কাগজে-কলমে আফগানিস্তান পাকিস্তানের চেয়ে শক্তিশালী দল। আমি খুবই আশাবাদী। আমার খেলোয়াড়েরা শারীরিক ও মানসিকভাবে খুব দৃঢ়।’ এএফপি।এরপরই বাংলাদেশের কথা টেনে এনেছেন আফগানিস্তানকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার দাবি প্রসঙ্গে, ‘টি-টোয়েন্টি বা ৫০ ওভারের ক্রিকেটে আমার আগ্রহ নেই। আমাদের টেস্ট ক্রিকেট খেলতে হবে। একটা দেশ টেস্ট খেললেই কেবল তৃণমূল পর্যায় থেকে তাদের উন্নতি সম্ভব। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরই অনেক উন্নতি করেছে। তবে আমি মনে করি, আফগানিস্তান দল তাদের (বাংলাদেশ) বর্তমান দলের চেয়েও ভালো। আফগানিস্তানে অনেক প্রতিভা ছড়িয়ে-ছিটিয়ে আছে। কিন্তু এখানে ক্রিকেটের সুযোগ-সুবিধা খুবই অপ্রতুল। আফগানিস্তানে কোনো ভালো মাঠ পর্যন্ত নেই।’বাংলাদেশের চেয়ে ভালো দল—এটা এখনো প্রমাণের অপেক্ষায়। দেশে মাঠ-টাঠও নেই। ওয়ানডে স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান যত ম্যাচ খেলেছে সবই দেশের বাইরে। তা হলে টেস্ট স্ট্যাটাসের দাবিটা কীভাবে করে আফগানিস্তান? রশিদ লতিফের বিশ্বাস, এসব প্রতিকূলতা কাটিয়ে দু-তিন বছরের মধ্যে আফগানিস্তান টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করার মতো অবস্থায় পৌঁছে যাবে।