বিশ্বকাপে সেরা ফুটবলার নির্বাচন করার একটা ব্যাপার শুরু থেকেই ছিল। কিন্তু সেরা ফুটবলারের আনুষ্ঠানিক স্বীকৃতি ‘গোল্ডেন বল’ দেওয়া শুরু হয় দ্বাদশ আসর থেকে। ১৯৮২ স্পেন বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের পাশাপাশি পাওলো রসি এমন এক কীর্তি গড়েন, এখনো যেটি স্পর্শ করতে পারেননি আর কেউ। প্রথম চার ম্যাচে একটিও গোল না পাওয়া ইতালির স্ট্রাইকার পরের ৩ ম্যাচেই ৬ গোল করে জিতেছিলেন ‘গোল্ডেন বুট’। শিরোপাও জিতেছিল তাঁর দল ইতালি। গোল্ডেন বল, বুট ও শিরোপা—এক বিশ্বকাপে এই তিনটিই পাওয়ার কৃতিত্ব আছে একমাত্র রসিরই। আনুষ্ঠানিক স্বীকৃতি চালুর আগে অবশ্য তিনটিই পাওয়ার কৃতিত্ব ছিল আরও দুজনের। ১৯৬২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ব্রাজিলের গারিঞ্চা হয়েছিলেন সেরা খেলায়াড়, ৪ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন আরও পাঁচজনের সঙ্গে। ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনার মারিও কেম্পেস সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি গোল্ডেন বুট জেতেন ৬ গোল করে।