রহমতউল্লাহর পদত্যাগ; কেটে গেছে হকির সংকট

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন খাজা রহমতউল্লাহ। শুক্রবার সকালে রাজধানীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি পদত্যাগ করেন। ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন আবদুস সাদেক। তিনি এর আগে সহসভাপতির দায়িত্বে ছিলেন। আজকের বৈঠকে প্রিমিয়ার হকি লিগের দলবদল নিয়েও সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বর মাসের ১৩,১৪ ও ১৫ তারিখে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের বহুকাঙ্ক্ষিত এই দলবদল।
হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল আবু এসরারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে হকির চলমান সংকট উত্তরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত মেনে নিয়েছে মোহামেডান, মেরিনার্স, অ্যাজাক্স ও বাংলাদেশ স্পোটিংয়ের মতো বিদ্রোহী ক্লাবগুলো। ডিসেম্বরের দলবদলে অংশ নেবে তারাও।
এদিকে, কার্যনির্বাহী কমিটির আজকের সভার পর জাতীয় দলের ক্যাম্প নিয়ে উদ্ভূত সংকটও কেটে গেল। দলবদলের দাবিতে এসএ গেমসে অংশগ্রহণের লক্ষ্যে আয়োজিত অনুশীলন ক্যাম্প বর্জন করছিলেন জাতীয় দলের খেলোয়াড়েরা। আজই বিকেএসপির এই ক্যাম্পে যোগ দেওয়ার কথা খেলোয়াড়দের।
সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেও হকি ফেডারেশনের সঙ্গে অবশ্য সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে না রহমতউল্লাহর। তিনি এখন থেকে ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।