রহমতগঞ্জ ও চট্ট. মোহামেডানের জয়
ঢাকা মোহামেডানকে হারানোর উচ্ছ্বাসটা পরের ম্যাচেই বিবর্ণ হয়ে গিয়েছিল ঢাকা আবাহনীর কাছে ৪-১ গোলে হেরে। তবে এক ম্যাচ পরই আবার জয়ের স্বাদ পেল রহমতগঞ্জ। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে পলের একমাত্র গোলে কাল তারা হারাল চট্টগ্রাম আবাহনীকে।৬ ম্যাচে ৩ জয় ও ১ ড্র থেকে ১০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ উঠে এল ষষ্ঠ স্থানে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ মাত্র ২ পয়েন্ট।শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বরং চট্টগ্রাম আবাহনীরই সামনে। বক্সের মধ্যে পিটারের হেড সেভ করেন রহমতগঞ্জের গোলরক্ষক ইরান। তবে ৩৬ মিনিটে রহমতগঞ্জই মেতে ওঠে উৎসবে। মাসুদের পাস থেকে পলের চমৎকার শট জালে (১-০)। গোল খেয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। কিন্তু দুর্ভাগ্য তাদের। ঠিক দুই মিনিট পরই প্রতি-আক্রমণে যাওয়া আবাহনীর পিটারের হেড বারের ওপর পড়েও বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধেও রহমতগঞ্জের রক্ষণদেয়াল ভাঙার চেষ্টা করে চট্টগ্রাম আবাহনী। কিন্তু ফিনিশারের অভাবে গোল পায়নি তারা। ৩ পয়েন্ট পেয়ে দারুণ খুশি রহমতগঞ্জের কোচ আলী আজগর। হাফ ডজন খেলোয়াড় ম্যাচের আগে অনুশীলনই করেননি। ক্লাব কর্মকর্তাদের না জানিয়ে খ্যাপ খেলতে যাওয়ায় ক্লাব তাঁদের শোকজও করেছে। কিন্তু এই জয়ের পর কোচ নাসির সব ভুলে যেতে চান, ‘পুরো ব্যাপারটাই আসলে ভুল বোঝাবুঝি ছিল। আমরা সব সমস্যা মিটিয়ে ফেলেছি।’ চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার জমিরউদ্দিন দুষলেন ভাগ্যকে, ‘দুর্ভাগ্য আমাদের। অনেকগুলো গোল মিস করেছি। ক্রসবারে লেগে ফিরে এসেছে গোটা চারেক।’সমুদ্রশহর কক্সবাজারে কাল দিনের অন্য ম্যাচে এগিয়ে থেকেও চট্টগ্রাম মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেছে ফরাশগঞ্জ। ম্যাচের ১০ মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। ৪৬ মিনিটে গোলটি শোধ করেন চট্টগ্রাম মোহামেডানের খালেদ। ৫১ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন ফরহাদ। ৬ ম্যাচে দুই জয়, ১ ড্রয়ে ৭ পয়েন্ট চট্টগ্রাম মোহামেডানের। সমান ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া ফরাশগঞ্জ পয়েন্ট তালিকার দশম স্থানে।