খেলা শেষের কয়েক মিনিটের মধ্যেই নিভে গেল কমলাপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট। কিন্তু এর আগে থেকেই অন্ধকার ভিড় করেছিল ঢাকা মোহামেডানের ডাগ-আউটে। বেঞ্চে বসে থাকা খেলোয়াড়-কর্মকর্তাদের বিমর্ষ মুখ!গ্রামীণফোন বাংলাদেশ লিগে টানা তিন ম্যাচ জেতা মোহামেডানকে কাল মাটিতে নামাল রহমতগঞ্জ। উগান্ডার ইদ্রিস আর নাইজেরিয়ার ফেলিক্সের গোলে (২-০) জিতল পুরান ঢাকার দলটি। চার ম্যাচে দুই জয়, এক ড্রয়ে ৭ পয়েন্ট রহমতগঞ্জের। তবে হেরেও ৯ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষেই রইল মোহামেডান। গত সপ্তাহে তৃতীয় রাউন্ডে ফরাশগঞ্জের কাছে হেরেছে ঢাকা আবাহনী। কাল রহমতগঞ্জের কাছে মুখ থুবড়ে পড়ল মোহামেডান। এই মৌসুমে এখন পর্যন্ত বড় দলের মুখোমুখি হতে হয়নি সাদা-কালোদের। একগুচ্ছ তরুণ মুখের সঙ্গে অপরীক্ষিত বিদেশিদের নিয়ে শুধু নামের জোরে কত দূর যেতে পারবে—এই প্রশ্ন মৌসুমের শুরু থেকেই মোহামেডানের গায়ে গায়ে। তবে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগেই ধাক্কা খেল তারা।কাল শুরু থেকেই ছন্দহীন দেখাচ্ছিল মোহামেডানকে। রক্ষণভাগ ছিল নড়বড়ে। কোনো পরিকল্পিত আক্রমণ ছিল না। তবে গোল মিসের ছড়াছড়িও ছিল। ম্যাচের ১৩ মিনিটে রহমতগঞ্জের আশরাফের সঙ্গে ধাক্কা লেগে আহত হন মোহামেডানের আমিনি। এই নাইজেরিয়ান খেলোয়াড় মাথায় ব্যান্ডেজ বেঁধেও খেলা চালিয়ে গেলেও নাক ফেটে যাওয়া আশরাফ পরে খেলতে পারেননি। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডারকে হারিয়েও অবশ্য দমে যায়নি রহমতগঞ্জ। তবে মোহামেডান মূলত হেরেছে ঢাকার মাঠে তিন মৌসুম ধরে খেলা ইদ্রিস আর ফেলিক্সের কাছে। দুজনের জুটিটা হয়েছে দারুণ। ম্যাচের ৩৩ মিনিটে ফেলিক্সের বাড়িয়ে দেওয়া বল থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের চমৎকার শটে গোল করেন ইদ্রিস (১-০)। ৪৫ মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোল শোধ করতে পারেননি মোহামেডানের রিদন। পিছিয়ে থাকা মোহামেডানকে উল্টো আরও চেপে ধরে রহমতগঞ্জ দ্বিতীয়ার্ধে। ৪৯ মিনিটে রনির ভুল পাসে বল পেয়ে যান ফেলিক্স। বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে লক্ষ্যভেদী শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি (২-০)। ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু ৭০ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও বাইরে মেরেছেন ইদ্রিস। পিছিয়ে পড়া মোহামেডান অবশ্য শেষ দিকে এসে গোল শোধের মরিয়া চেষ্টা করে। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে রহমতগঞ্জ গোলরক্ষক হিমেলের কাছে। ম্যাচ শেষে বিষণ্ন কোচ শফিকুল ইসলাম বললেন, ‘একটা বাজে দিন গেল আমাদের। ছেলেরা সবই করেছে, শুধু গোল করতে পারেনি।’বড় দলকে হারিয়ে রহমতগঞ্জ শিবিরে বইছিল আনন্দের ঢেউ। কোচ আলী আসগরের মুখে তৃপ্তির হাসি, ‘জয়ের লক্ষ্য নিয়েই আজ (কাল) মাঠে নেমেছিল ছেলেরা। এগিয়ে যাওয়ার পর ওদের মনোবল আরও বেড়ে যায়। সত্যি অসাধারণ খেলেছে ওরা।’রহমতগঞ্জ: হিমেল, মাইকেল, জাহাঙ্গীর, আশরাফ (ইমন), শিমুল, জামাল, জুয়েল, পল, প্রশান্ত, ইদ্রিস, ফেলিক্স (জুয়েল)।মোহামেডান: টিটু, লিটন, আরাফাত, রমজান, ইয়াসিন (সোহেল), শরীফ (শরীফুল), আমিনি, রনি, রিদন, ইসমাইল, এমেকা।