রহমতগঞ্জেই বধ শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন রহমতগঞ্জের কর্মকর্তা মোহাম্মদ মালা। ম্যাচ শেষে পারলে এক লাফেই মাঠে নেমে যান। মাঠে অবশ্য ততক্ষণে শুরু হয়ে গেছে আনন্দযজ্ঞ। না, শিরোপা জেতেনি রহমতগঞ্জ। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালকে ১-০ গোলে হারিয়ে যেন শিরোপা জয়েরই উৎসব করে ফেলল দলটি। উৎসবের মধ্যমণি জয়সূচক গোলদাতা ইদ্রিস কাসারি।মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরে দুই দলের কাছেই এই ম্যাচটার অন্য রকম একটা তাৎপর্য ছিল। গত মৌসুমে এই রহমতগঞ্জের সঙ্গেই পাতানো খেলে শেখ জামাল শিরোপা জিতেছে বলে অভিযোগ ছিল। সে জন্য জরিমানাও করা হয় দুদলকেই, যদিও রহমতগঞ্জের গোলরক্ষক ইরান শেখ ও কর্মকর্তা সালাউদ্দিনকে বহিষ্কার হতে হয় বিভিন্ন মেয়াদে। চ্যাম্পিয়নদের শিরোপায় এটা ছিল একটা কলঙ্ক-দাগ। সেই ম্যাচের পর কালই প্রথম মুখোমুখি হলো দল দুটি। রহমতগঞ্জের খেলোয়াড়-কর্মকর্তাদের মধ্যে এ ম্যাচ জেতার তাগিদ ছিল অন্য রকম। এই ম্যাচ হারলে যে তাদের দিকে মানুষের ‘বাঁকা চোখে’র চাউনিটা আরও লম্বা হতো! প্রথম ম্যাচে বিজেএমসির কাছে হার, পরের ম্যাচে ফেনী সকারের সঙ্গে ড্র করা শেখ জামালের ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা তারা জিততে পারল না। বাজে পারফরম্যান্সের দায়ে বিদায় নিতে হয়েছে কোচ সাইফুল বারীকে (টিটু)। নতুন কোচ আবু ইউসুফের দায়িত্বে কেমন করে আমিনুল, কোমল, এভারটনরা, সেটাও ছিল দেখার। কিন্তু শুরুতেই পা হড়কালেন ইউসুফ। ৬৩ মিনিটে জয়সূচক গোলটি করে রহমতগঞ্জকে আনন্দে ভাসান ইদ্রিস কাসারি।ম্যাচের প্রথম আক্রমণটা ছিল শেখ জামালের। লিগে প্রথম মাঠে নামা তাদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার এভারটন ৩ মিনিটে ভালো জায়গায় বল পেয়েও মেরে দেন বাইরে। তাদের আধিপত্য ছিল মিনিট দশেক। এর পরই খেলাটা ধরে নেয় রহমতগঞ্জ, কেননা মাঝমাঠে কোনো নিয়ন্ত্রণ ছিল না শেখ জামালের। অধিনায়ক আমিনুলকে মনে হয়েছে স্নায়ুচাপে ভুগছেন। তাঁর হাত ফসকে বার কয়েক বেরিয়ে গেছে বল । রহমতগঞ্জ দ্বিতীয়ার্ধেই লক্ষ্যাভিমুখী ছিল বেশি। ৬৩ মিনিটে তো এটিরই ফল পায় অধিনায়ক ইদ্রিস কাসারির মাধ্যমে। কর্নার থেকে পাওয়া বলে চমৎকার হেডে ১-০ করেন উগান্ডান স্ট্রাইকার। দুই মিনিট পর কাসারিই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। তাঁর শট আমিনুলের হাত ফসকে বেরিয়ে গেলেও সামনে দাঁড়ানো লাকি গোল করতে পারেননি। গোল শোধে মরিয়া শেখ জামাল শেষ দিকে সর্বাত্মক আক্রমণে ঝাঁপিয়ে পড়েও গোল পায়নি। মিশুর হেড কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন রহমতগঞ্জের গোলরক্ষক শাকিল।রহমতগঞ্জের কোচ মাহমুদুল হকের (লিটন) কাছে জয়ের চেয়েও কলঙ্কমুক্তির আনন্দই ছিল বেশি, ‘এই ম্যাচের মাধ্যমে পাতানো ম্যাচের কলঙ্ক থেকে মুক্তি পেয়েছি। অন্তত একটা পয়েন্ট চেয়েছিলাম। কিন্তু অসাধারণ খেলে ছেলেরা তিন পয়েন্ট আদায় করেছে।’ শেখ জামাল: আমিনুল, ইউসুফ, মিশু, ইসা, কোমল (সোহেল), শরীফ, রাজু, ফেমি, রায়হান, এভারটন (সবুজ), কেস্টার।রহমতগঞ্জ: শাকিল, শিমুল, জাহাঙ্গীর, মিঠু, সুফিয়ান (আশরাফ), রনি (বিপুল), বিপ্লব, ইদ্রিস কাসারি (সোহেল), দুম্বা, ফ্রান্সিস, লাকি ডিভাইন।