রহমতগঞ্জের অবনমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে পাতানো ম্যাচ কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি নাম জড়িয়েছিল দলটির। এবার তাই তাদের প্রতি একটু বাড়তি কৌতূহল ছিল সবার। কেমন খেলে, কতদূর যেতে পারে রহমতগঞ্জ? কিন্তু লিগের শুরু থেকেই খোঁড়াতে থাকা পুরান ঢাকার দলটি কাল অবনমিতই হয়ে গেল।আগের ম্যাচই প্রায় কিনারায় নিয়ে গিয়েছিল। তবে কাল মোহামেডানের কাছে ৩-০ গোলে হারের পরই রহমতগঞ্জের অবনমন নিশ্চিত হয়ে যায়। এর মানে, ৭৮ বছরের পুরোনো দলটিকে আগামী মৌসুমে খেলতে হবে পেশাদার লিগের দ্বিতীয় স্তরে।পেশাদার লিগে এসে প্রথম আসরে ১১ দলের মধ্যে সর্বশেষ স্থান পায়। তবে সেবার অবনমন না থাকায় বেঁচে যায়। দ্বিতীয় আসরে ১১ দলের মধ্যে সপ্তম, তৃতীয়বার ১৩ দলের মধ্যে অষ্টম ও চতুর্থবার ১২ দলের মধ্যেও অষ্টম হয়। এবার আর অবনমন এড়াতে পারল না।১৮ ম্যাচে মাত্র দুটি জয়, পয়েন্ট ৯। তাও আবার প্রথম পর্বে পাওয়া। দ্বিতীয় পর্বে টানা হার তাদের আট ম্যাচ। বিদেশিদের ওপর বেশি নির্ভরতা থাকলেও ছয় বিদেশি দলকে বাঁচাতে পারেননি। কোচ মাহমুদুল হককে (লিটন) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কয়েক ম্যাচ আগেই। বিদেশিরা কখনোই সুশৃঙ্খল ছিলেন না—এমন অভিযোগ বরাবরই করেছেন মাহমুদুল। ক্লাব তাঁবুতে একই সঙ্গে তো বিদেশিরা থাকেনইনি, উল্টো অনুশীলনেও অনুপস্থিত থেকেছেন। কালকের ম্যাচের আগেও ঢাকার বাইরে খেপ খেলেছেন মাইকেল দুম্বা। ক্লাবটির সাবেক ফুটবল সম্পাদক এবং পাতানো ম্যাচ কেলেঙ্কারির আলোচিত চরিত্র সালাউদ্দিন কালা খুবই হতাশ, ‘আমার মনটা খুবই খারাপ। গত কয়েকটি বি-লিগে আমরা দাপটের সঙ্গে খেলেছি। সুপার কাপে ফেয়ার প্লের ট্রফি জিতেছি। কিন্তু ওরা দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবের এই অবস্থা।’ছন্নছাড়া রহমতগঞ্জের এই সুযোগটা ভালোই নিয়েছে মোহামেডান। ম্যাচের তিন মিনিটেই দলকে এগিয়ে নেন রনি। একতরফা খেলা মোহামেডানের কাছে পাত্তাই পায়নি রহমতগঞ্জ। ৮৩ মিনিটে হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন এনডুকা ওয়া। অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করেন এনডুকা। ম্যাচ শেষে রহমতগঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর দুষলেন ভাগ্যকেই, ‘সবাই চেষ্টা করেছে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ।’ কালকের জয়ে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এল মোহামেডান।বিজেএমসি ও ফেনীর জয়: টাঙ্গাইলে বিজেএমসি ২-১ গোলে হারিয়েছে আরামবাগকে। ইসমাইল বাঙ্গুরা করেছেন দুটি গোল। ১৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এলেন গিনির স্ট্রাইকার। আরামবাগের গোলটি জোয়েলের। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল বিজেএমসি। ১৬ পয়েন্ট পাওয়া আরামবাগের মাথায় এখনো অবনমনের শঙ্কা। ফেনীতে ইকবালের দেওয়া একমাত্র গোলে ব্রাদার্সকে হারিয়েছে ফেনী সকার। ১৯ পয়েন্ট নিয়ে ফেনী উঠে এল সাতে। ১৮ পয়েন্ট পেয়ে নয়ে নামল ব্রাদার্স।