রহমতগঞ্জের পর ফরাশগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তেজনার শেষ অঙ্কে মহানাটকীয়তায় ড্র করতে পারলে ফরাশগঞ্জ অবনমন বাঁচানোর সুযোগ পেত। কিন্তু ফরাশগঞ্জ উল্টো কাল মোহামেডানের কাছে ২-০ গোলে হেরে হলো অবনমিত। ফরাশগঞ্জ শিবিরে এখন বিষাদ।প্রতিবেশী রহমতগঞ্জের সঙ্গী হয়ে অবনমিত হলো ফরাশগঞ্জ। ফলে দেশের শীর্ষ ফুটবল লিগে আগামী বছর পুরান ঢাকার কোনো প্রতিনিধিত্ব থাকছে না।এদিন ফেনীতে স্থানীয় সকারকে ১-০ গোলে হারিয়ে অবনমন বাঁচিয়েছে আরামবাগ। ৭৩ মিনিটে এলিটা কিংসলের ফ্রি-কিকে অবনমন বাঁচানো জয়টি পেয়েছে তারা। ২০ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ১৯। ফরাশঞ্জের পয়েন্ট ১৮। আরামবাগ ড্র করলে টিকে যেত ফরাশগঞ্জ। অথবা ফরাশগঞ্জ ১ পয়েন্ট পেলে তিন দলেরই পয়েন্ট হতো সমান ১৯। তখন প্লে-অফ খেলার সুযোগ থাকত। কিন্তু কাল ম্যাচের ৮৩ ও ৮৯ মিনিটে ইয়াসিন ও রনির গোলে তিরবিদ্ধ ফরাশগঞ্জ। ড্রয়ের মুখে গিয়ে পরাজয় নিয়ে ফিরল দলটি। কমলাপুরে কাল রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে লিগ শেষ করেছে ব্রাদার্সও। তিনটি ম্যাচই একই সময়ে দেওয়া হয়েছে, যাতে কেউ বাড়তি সুবিধা নিতে না পারে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান-ফরাশগঞ্জ ম্যাচটা নিয়ে হয়েছে বিস্তর নাটক। ফেনীর ম্যাচের ফলাফল আগে জানার জন্য ফরাশগঞ্জ চাইছিল ম্যাচটা দেরিতে শুরু করতে। ১০ মিনিট অপেক্ষার পর রেফারি শুধু মোহামেডানকে নিয়ে মাঠে যান। তখনো ফরাশগঞ্জের খেলোয়াড়েরা ড্রেসিংরুমে। পরে প্রায় মিনিট পনেরো পর খেলা গড়িয়েছে মাঠে। পাতানো খেলার ওপর সংবাদমাধ্যমের তীক্ষ দৃষ্টি থাকার কারণেই কি না, এদিনও মোহামেডান ছাড়েনি ফরাশগঞ্জকে। আগের ম্যাচে আরামবাগও মোহামেডানের কাছে পয়েন্ট চেয়ে পায়নি। ফলে কালকের দিনটা হয়ে পড়ে অবনমন বাঁচানোর লড়াইয়ে থাকা তিন দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বৃষ্টিভেজা মাঠে মোহামেডান-ফরাশগঞ্জ ম্যাচটা খুব গতিময় ছিল। খেলাও হয়েছে দৃষ্টিনন্দন।ফরাশগঞ্জের কোচ কামাল বাবুকে রেফারি টেন্ট থেকে বহিষ্কার করেন দ্বিতীয়ার্ধে। ফাউল নিয়ে আপত্তি জানানোয় তাঁকে ওই শাস্তি। তবে কামাল মাঠ থেকে বেরোতে চাননি বলে খেলা ছয় মিনিট বন্ধ ছিল। কোচ ডাগ-আউট ছাড়ার পর পরই দুটি গোল খেয়ে সর্বনাশের শেষটা দেখে ফরাশগঞ্জ।ম্যাচের পর ফরাশগঞ্জের অনেক খেলোয়াড়ই চোখের জল ফেলেছেন। কেউ কেউ ড্রেসিংরুমে হাউমাউ করে কেঁদেছেনও। গত বছর স্বাধীনতা কাপ জয়ী দলের এমন পতন মেনে নিতে পারেননি খেলোয়াড়েরা। তবে ব্রাদার্সের বিপক্ষে যেহেতু দুটি পাতানো খেলার অভিযোগ আছে এবং তা প্রমাণিত হয় তাহলে রহমতগঞ্জের সঙ্গে ব্রাদার্সই অবনমিত হয়ে যেতে পারে। ফরাশগঞ্জ তখন টিকে যাবে। ফরাশগঞ্জ কোচ-কর্মকর্তাদের অভিযোগ, আরামবাগকে বাঁচাতে ফেডারেশন নানা কূটকৌশলের আশ্রয় নিয়েছে। পরিকল্পনা সাজিয়েই ফরাশগঞ্জকে লিগ থেকে বিদায় দিয়েছে। ফরাশগঞ্জের কান্নাভেজা সন্ধ্যায় আকাশে উড়ল মোহামেডান। টানা চার জয় দিয়ে লিগ শেষ, তৃতীয় হওয়ার সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে সাদা-কালোরা!