রহমতগঞ্জের বড় জয়
পেশাদার লিগ থেকে অবনমিত হয়েছে রহমতগঞ্জ। আবার উঠে আসতে চায় পুরান ঢাকার দলটি। কাল সেই পথে যাত্রা শুরু করল নতুন করে। ফেডারেশন কাপের বাছাইপর্বের প্রথম দিনই ফেনীর মাঠে ফেনী রামপুর বয়েজ ক্লাবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ। যশোর ভেন্যুতেও কাল বাছাইপর্ব শুরু হয়েছে। ওই ভেন্যুতে খুলনা আবাহনী মামুনের ৮২ মিনিটে দেওয়া গোলে হারিয়েছে বিকেএসপিকে (১-০)। একই মাঠে ওয়াসিম ও আমিরুলের গোলে যশোর ডিএফএকে হারিয়েছে বাংলাদেশ পুলিশ (২-০)। ফেনী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, স্থানীয় ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে রহমতগঞ্জ একক প্রাধান্য নিয়ে খেলেছে রামপুর বয়েজের বিপক্ষে। ৬ মিনিটে গোলের খাতা খোলেন আতিক। ১৪, ৩৭ ও ৬২ মিনিটে গোল করেন সুজন, রিন্টু ও রাজীব। রহমতগঞ্জ বুঝিয়ে দিয়েছে রামপুর বয়েজের সঙ্গে তাদের পার্থক্যটা। স্থানীয় দলটি শক্তিতে অনেক পিছিয়ে রহমতগঞ্জের চেয়ে। ম্যাচে সেটারই প্রতিফলন দেখা গেছে।