রহস্য উন্মোচনের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ও সম্প্রচারের এই রমরমা যুগে ‘গোপন রহস্য’ বলে নাকি আর কিছু নেই। বিশেষত আন্তর্জাতিক ফুটবলের সব দলের সব খবর সবার নখদর্পণে। তাহলে বলুন তো উত্তর কোরিয়া এবার বিশ্বকাপে কোন ফর্মেশনে খেলবে? কিংবা উত্তর কোরিয়া দলের সবচেয়ে শক্তির জায়গা কী?এসব প্রশ্নের উত্তর না জানলেও নিজেকে ‘পিছিয়ে থাকা’ কেউ ভাববেন না। আসলে এসব প্রশ্নের উত্তর কোরিয়া ফুটবল দলের সদস্য ছাড়া আর খুব বেশি লোকের জানাও নেই। এমনকি এই দলটিকে নিয়ে অন্ধকারে আছে আজ তাদের মুখোমুখি হতে যাওয়া ‘হট ফেবারিট’ ব্রাজিলও। ব্রাজিলের মিডফিল্ডার জিলবার্তো সিলভা একটা অনুমান করার চেষ্টা করেছেন মাত্র, ‘আশা করছি একটা রক্ষণাত্মক প্রতিপক্ষের মুখোমুখি হব। এমন দলের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। আর এটা যেহেতু আমাদের প্রথম ম্যাচ, তাই আমরা খুবই উদ্বিগ্ন।’কিন্তু এমনটা হওয়ার কারণ? উত্তর কোরিয়া কেন এত রহস্যে ঢাকা! একটা সহজ উত্তর, শুধু দেশটির ফুটবল নয়, বৈশ্বিক রাজনৈতিক কারণে পুরো দেশটিই আসলে দীর্ঘকাল ধরে রহস্যের চাদরে মোড়ানো রয়েছে। এবারের বিশ্বকাপে সবচেয়ে পেছানো র‌্যাঙ্কিংয়ের দেশ উত্তর কোরিয়া সর্বশেষ কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে সেই ১৯৯২ সালে; এশিয়ান গেমসে। এরপর শুধু প্রীতি ম্যাচ বা বাছাইপর্বের ম্যাচেই উত্তর কোরিয়ানদের দেখা মিলেছে।কিন্তু যেখান থেকে আন্তর্জাতিক ফুটবলারদের সম্পর্কে ধারণা মেলে সেই ইউরোপিয়ান ফুটবল, নিদেনপক্ষে লাতিন-আফ্রিকান-এশিয়ান ফুটবলে দেশটির খেলোয়াড়দের কোনো উপস্থিতি নেই বললেই চলে। জং তায়ে-সে বা হং ইয়ং-জোর মতো দু-একজন জাপানি বংশোদ্ভূত খেলোয়াড় অবশ্য আছেন, যাঁরা রাশিয়ান লিগে খেলেন। এ ছাড়া বাকিরা সেই রহস্যের চাদরেই ঢাকা। এই চাদর ফুঁড়ে একবারই বেরিয়েছিল তারা—১৯৬৬ সালে। এখনো ইতালি বা পর্তুগালের বুড়ো মানুষদের জিজ্ঞেস করে দেখতে পারেন, তাঁরা ঠিক বলতে পারবেন, কী দোর্দণ্ডপ্রতাপ ছিল উত্তর কোরিয়ার সেই আত্মপ্রকাশ। এখন তো এমন খবরও পাওয়া যাচ্ছে, সমাজতান্ত্রিক এই দেশটিকে নাকি বিশ্বকাপে আসতে না দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল ব্রিটিশ সরকার। সম্প্রতি প্রকাশিত পুরোনো দলিলপত্র ঘেঁটে দেখা যাচ্ছে, উত্তর কোরিয়ার খেলোয়াড়দের ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছিল। সব বাধা পার হয়ে বিশ্বকাপে গিয়ে চমক দেখিয়েছিল ‘জীবনের জন্য ফুটবল খেলা’ সেই দলটি।চিলির সঙ্গে ড্র (১-১) এবং দুনিয়া কাঁপিয়ে ইতালিকে ১-০ গোলে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালেও হয়তো চলে যেত পর্তুগালের বিপক্ষে মাত্র ২৫ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যাওয়া সেই দলটি। কিন্তু রুখে দাঁড়ালেন ইউসেবিও। একা চার গোল করে থমকে দিলেন কোরিয়ার স্বপ্নযাত্রা।এবার কে হবেন ইউসেবিও? নাকি এবার কোরিয়ার রহস্যটা গোপনই থেকে যাবে! সব প্রশ্নের উত্তর মিলতে শুরু করবে আজ থেকে। আজ থেকেই বোঝা যাবে ‘এশিয়ার রুনি’ জং তায়ে-সে কতটা সত্যিকারের রুনি হয়ে উঠতে পারেন। যদিও গ্রুপের শক্ত তিন প্রতিপক্ষ ব্রাজিল, পর্তুগাল ও আইভরিকোস্টের কারণে উত্তর কোরিয়ার রহস্য নিয়ে খুব রোমান্টিক হওয়া যাচ্ছে না। কিন্তু উত্তর কোরিয়ার খেলোয়াড়েরা হুমকি দিয়েই চলেছেন, ‘আমরা ব্রাজিলকে চমকে দেব।’কথাটায় খুব অবিশ্বাস করবেন না। দক্ষিণ কোরিয়ান তারকা পার্ক জি-সুং পর্যন্ত সতর্ক করে দিয়েছেন, উত্তর কোরিয়া সহজ দল নয়! ওয়েবসাইট।