রহস্যঘেরা এক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিটার রোবাকের মৃত্যু নিয়ে রহস্য আরও বাড়ছে। দক্ষিণ আফ্রিকা পুলিশের প্রথম বিবৃতি থেকে জানা গিয়েছিল, হোটেল রুমে কোনো একটা ঘটনা ঘটার পর রোবাককে মৃত অবস্থায় পাওয়া যায়। ওয়েস্টার্ন কেপ পুলিশের মুখপাত্র ফ্রেডেরিক ফন উইক পরে বলেছেন, ছয়তলা রুমের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মারা যান রোবাক। রয়টার্সের খবর অনুযায়ী, সে সময় যৌন হয়রানির এক ঘটনায় রোবাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। পুলিশ অবশ্য যৌন হয়রানির ঘটনায় জিজ্ঞাসাবাদের কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। কোন পরিস্থিতিতে জানালা দিয়ে ঝাঁপ দিলেন রোবাক, এটাও জানানো হয়নি। দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিসের কর্নেল বিষ্ণু নাইডু শুধু জানিয়েছেন, তদন্ত শেষে বিবৃতি দিয়ে সব পরিষ্কার করা হবে। তদন্ত শেষ হতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।রোবাক ১৯৮৪ সাল থেকে ফেয়ারফ্যাক্স মিডিয়ার দুই পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড ও মেলবোর্নের দি এজ-এ কাজ করে আসছিলেন। এই দুটি পত্রিকা জানিয়েছে, রাত নয়টার দিকে একজন গোয়েন্দা ও ইউনিফর্ম পরা পুলিশ রোবাকের হোটেল রুমে একটি যৌন হয়রানির ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন। একপর্যায়ে ক্ষুব্ধ ও বিচলিত রোবাক সঙ্গী আরেক সাংবাদিকের কাছে সাহায্য চেয়ে বলেন, ‘দ্রুত কি আমার রুমে আসতে পারবে? আমি সমস্যায় পড়েছি।’ একজন আইনজীবী খুঁজে বের করার ব্যাপারেও সাহায্য চেয়েছিলেন তিনি। পত্রিকা দুটি যৌন হয়রানির ঘটনার বিস্তারিত জানায়নি। তবে দি অস্ট্রেলিয়ান পত্রিকা জানিয়েছে, গত সপ্তাহের একটি ঘটনার পরিপ্রেক্ষিতেই রোবাকের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়েছিল।পুলিশি জিজ্ঞাসাবাদের মধ্যে রোবাক হঠাৎ কেন জানালা দিয়ে ঝাঁপ দিলেন—এই প্রশ্নের উত্তর দিচ্ছে না পুলিশ। তবে বিষ্ণু নাইডুর দাবি, পুলিশ কোনো বাড়াবাড়ি করেনি। রোবাকের রুম থেকে ল্যাপটপসহ ব্যক্তিগত সব জিনিস নিয়ে গেছে পুলিশ।ব্যক্তি পিটার রোবাক একটু রহস্যময়ই ছিলেন। ক্রিকেট লেখক মহলে খুব জনপ্রিয় হলেও তাঁর নিজের ব্যক্তিগত জীবনের চারপাশে সব সময়ই একটা দেয়াল তোলা থাকত। তবে তাঁর এমন হঠাৎ মৃত্যুতে প্রেসবক্সে সহকর্মীরাই শুধু নন, ক্রিকেট-বিশ্বই শোকাচ্ছন্ন। অনেক অস্ট্রেলিয়ার পত্রিকাতেই বেশি নিয়মিত লিখতেন বলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মনে ধাক্কাটা বেশি লেগেছে। সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়ই বিশ্বাস করতে পারছেন না ঘটনাটি। মাঝরাতে এই খবর শুনেই ঘুম ভেঙেছে মাইকেল ক্লার্কের। অস্ট্রেলিয়ান অধিনায়ক সমবেদনা জানিয়েছেন রোবাকের পরিবার ও সহকর্মীদের প্রতি। ২০০৮ সালে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সময় রিকি পন্টিংয়ের তীব্র সমালোচনা করেছিলেন রোবাক। সেই পন্টিংও পরশু অনুশীলন করার সময় নিজে থেকে সাংবাদিকদের কাছে রোবাকের মৃত্যুতে দুঃখ করে গেছেন।সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর মনে পড়ছে রোবাকের সাহসী লেখনীর কথা, ‘বিশ্ব ক্রিকেটের বড় ঘটনাগুলো সম্পর্কে মনের কথা লিখতে তিনি কখনোই পিছপা হননি। প্রায়ই দেখা যেত নিজের বিশ্বাসটা নিয়ে একমাত্র তিনিই উচ্চকিত। অধিনায়ক হিসেবে আমি সব সময়ই আগের দিনের খেলার বিশ্লেষণের জন্য পিটারের লেখনীর দিকে তাকিয়ে থাকতাম।’ ‘দ্য এলবিডব্লু ট্রাস্ট’ চ্যারিটির মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতেন রোবাক। গ্রেগ চ্যাপেলের বেশি মনে পড়ছে রোবাকের সেই জনহিতকর কাজগুলোর কথা, ‘বিশ্বজুড়ে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রায় আড়াই শ সুবিধাবঞ্চিত শিশু এলবিডব্লু ট্রাস্টের মাধ্যমে শিক্ষা লাভ করছে, এটা হয়েছে তাঁরই চিন্তা থেকে।’ এএফপি, ওয়েবসাইট।