
১৪ বছর আগে পটুয়াখালী জিমনেসিয়ামের ইনডোরে টেবিল টেনিসে (টিটি) হাতেখড়ি। সেই পটুয়াখালীতেই এবার জাতীয় টিটিতে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হলেন রহিমা আক্তার। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মানস চৌধুরীকে হারিয়ে পুরুষ এককের সেরার মুকুট ফিরে পেয়েছেন মাহবুব বিল্লাহ।
কাল মেয়েদের ফাইনালে রহিমা ৪-৩ সেটে হারিয়েছেন তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন মৌমিতা আলম রুমিকে। ১০ বছর ধরে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিলেও এবারই প্রথম চ্যাম্পিয়ন হয়েছেন রহিমা। তা-ও আবার নিজের ঘরের কোর্টে। ফাইনাল শেষে তাই উচ্ছ্বাসের সীমা ছিল না পটুয়াখালী শেরেবাংলা রোডের বাসিন্দা রহিমার, ‘জীবনে প্রথম চ্যাম্পিয়ন হলাম, সেটাও পটুয়াখালীতে এসে। এই আনন্দ বলে বোঝাতে পারছি না। আমার খেলা দেখতে বন্ধু-বান্ধবী, ভাবি, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা গ্যালারিতে ছিলেন। ওঁরা সবাই আমাকে সমর্থন দিয়েছেন। আত্মবিশ্বাস ছিল যে এবার জিতবই।’ শুধু এককই নয়, দ্বৈত ও দলগত সোনাও জিতেছেন রহিমা।
আগামী ডিসেম্বরে বিয়াল্লিশে পা দেবেন। কিন্তু ফিটনেস ধরে রেখে দুর্দান্ত খেলে চলেছেন মাহবুব বিল্লাহ। কাল ফাইনালে ৪-২ সেটে হারিয়েছেন মানস চৌধুরীকে। এটি মাহবুবের ষষ্ঠ শিরোপা। এই বয়সেও কীভাবে চ্যাম্পিয়ন হচ্ছেন? প্রশ্নটা করতেই মাহবুব বিল্লাহ হেসে বলেন, ‘আমি এখনো প্রচুর পরিশ্রম করি। ফিটনেস ধরে রেখেছি, নিয়মিত অনুশীলন করছি। তা ছাড়া খেলার প্রতি ভালোবাসাই আজ আমাকে চ্যাম্পিয়ন করেছে।’